UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

আত্মসমর্পণ করতে আদালতে সম্রাট

ঊষার আলো
মে ২৪, ২০২২ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট:অবৈধ সম্পদ অর্জনের মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।মঙ্গলবার (২৪ মে) বেলা ১১টার কিছু আগে অ্যাম্বুলেন্সে করে আদালতে আসেন তিনি। কিছুক্ষণের মধ্যে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানেরর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন তিনি।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হিরা এ তথ্য জানান।আদালত প্রাঙ্গনে সম্রাট পৌঁছানোর আগেই  তার শত শত সমর্থক সেখানে উপস্থিত হন। তারা সম্রাটকে ঘিরে বিভিন্ন স্লোগান দেন।এর আগে গত ১১ মে একই আদালত তিন শর্তে সম্রাটের জামিন মঞ্জুর করেন। ১৬ মে দুদক সম্রাটের জামিন বাতিলের আবেদন করে উচ্চ আদালতে।

১৮ মে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ তার জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে সাত দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। পাশাপাশি বিচারককেও সতর্ক করেন আদালত।২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।

ঊষার আলো-এসএ