UsharAlo logo
, |

ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা বিশ্লেষকের

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : আগামীতে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংকট আরও প্রকট হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্লেষকরা। ইরানে থাকা প্রবাসী বাংলাদেশিরা বলছে, পরমাণু ইস্যুতে দ্বিমত আর নিষেধাজ্ঞার কারণে সরাসরি প্রভাব পড়বে তেহরানের অর্থনীতিতে। ইরান ও যুক্তরাষ্ট্র প্রশাসন আলোচনা চাইলেও এক্ষেত্রে বাধা হবে ইসরায়েল।
ইসরায়েলের প্রভাবে তেহরান-ওয়াশিংটন-তেল আবিব দ্বৈরথ সৃষ্টি হবে, যা নিয়ে উদ্বিগ্ন রয়েছে প্রবাসীরাও।
ইরানে নতুন প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর থেকেই আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নিয়ে। কারণ পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বিশ্বের ৬ শক্তির আলোচনাকে সমর্থন দিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কোনো ধরনের বৈঠকে বসবে না বলে স্পষ্ট করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
এমনকি ওয়াশিংটন তেহরানের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিলেও নয়। তবে মার্কিন প্রশাসনের সঙ্গে আলোচনার আভাস মিলেছে। কিন্তু এক্ষেত্রে বড় বাধা ইসরায়েল এমনটাই বলছে ইরান প্রবাসী বাংলাদেশি বিশ্লেষক সৈয়দ মুসা রেজা।
মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার প্রস্তাব তীব্রভাবে প্রত্যাখ্যান করায় এরই মধ্যে ইরানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে ক্ষুব্ধ তেহরানও। এরই মধ্যে ইরানের নতুন প্রেসিডেন্ট নিয়ে বিশ্বকে সতর্ক করেছে ইসরায়েল। আগামীতে এই অঞ্চলে আরও গভীর সংকটের আশঙ্কা করছে তিনি। ইরানে অর্থনৈতিক মন্দাও দেখা দিতে পারে ।
ইরানের পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে ২০১৫ সালে বিশ্বের ৬ শক্তিধর দেশ তাদের সঙ্গে একটি চুক্তিতে উপনীত হয়। চুক্তি অনুযায়ী, তেহরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের লাগাম টেনে ধরবে। বিনিময়ে ধীরে ধীরে দেশটির ওপর থেকে নানা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। তবে ২০১৮ সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানকে পরমাণু চুক্তির সব শর্ত কঠোরভাবে অনুসরণের সাপেক্ষে ওই চুক্তিতে ফেরার আগ্রহ প্রকাশ করেছে, যা নিয়ে গত এপ্রিল থেকে ভেনিসে পরোক্ষ আলোচনা চলছে। কিন্তু এরও কোনো ভবিষ্যৎ দেখছে না বিশ্লেষকরা। কারণ আগামী ১৩ আগস্ট ইরানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবে কট্টরপন্থি রাইসি।

(ঊষার আলো- এম.এইচ)