ঊষার আলো ডেস্ক : ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করায় ইসরাইলের বর্বর আচরণের নিন্দা জানিয়েছেন মার্কিন সংসদ সদস্যরা।
বর্ণবাদী এবং বর্বর আচরণের জন্য ডেমোক্র্যাট দলের এমপি বেটি ম্যাককুলামের নেতৃত্বে একদল মার্কিন এমপি বৃহস্পতিবার ইসরাইলের বিরুদ্ধে সংসদে এই নিন্দা প্রস্তাব আনে।
তেলআবিব ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনগুলোর কণ্ঠরোধ করে তাদের মৌলিক অধিকার হরণ করেছে। ইসরাইলের হামলা-মামলা উপেক্ষা করে সংগঠনগুলো ফিলিস্তিনিদের চালানো ইসরাইলি নৃশংসতার চিত্র বিশ্ববাসীর কাছে তুলে ধরছে। যুক্তরাষ্ট্রকে তাদের কাজের মূল্যায়ন অবশ্যই করতে হবে।
ইসরাইলকে প্রতি বছর ৩.৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাই তাদের কর্মকাণ্ডকে জবাবদিহিতার আওতায় আনতে চান মার্কিন এমপিরা।
এর আগে, ইসরাইলের এমন পদক্ষেপে গভীর উদ্বেগ জানান জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বুধবার বার্লিনে সংবাদ সম্মেলনে এ উদ্বেগের কথা জানিয়েছেন।
(ঊষার আলো-আরএম)
