UsharAlo logo
, |

উইঘুর ইস্যুতে চীনের নিন্দা জানাতে অস্বীকৃতি জানালেন ইমরান খান

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : শিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের ওপর নিপীড়নের জন্য চীনের প্রতি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। কারণ হিসেবে তিনি জানান, পাকিস্তানের সব থেকে কঠিন মূহুর্তগুলিতে অন্যতম সেরা বন্ধু ছিল চীন।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ধারণা করা হয় সাম্প্রতিক বছরগুলিতে শিনজিয়াংয়ের বন্দিশিবিরগুলিতে প্রায় ২০ লাখ উইঘুর এবং সংখ্যালঘু অন্যান্য মুসলিম গোষ্ঠীর মানুষদের আটকে রেখেছে চীন। অনেক সাবেক বন্দিই অভিযোগ করেন, তাদের ধর্মীয় মতাদর্শ পরিবর্তনে চাপপ্রয়োগ ও শারীরিক নির্যাতনসহ এমনকি বন্ধ্যাকরণের ঘটনা ঘটেছে এ বন্দিশিবিরগুলিতে। যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ শিনজিয়াংয়ে চীনের কর্মকাণ্ডকে গণহত্যা বলেও আখ্যা দিয়েছে।

গত রোববার অ্যাক্সিওসে প্রচারিত সাক্ষাৎকারে ইমরান খান বলেন, ‘তারা যে পথে রয়েছে সেটিকে আমরা শ্রদ্ধা করি, এটা পশ্চিমা বিশ্বে এতো বড় ইস্যু হলো কীভাবে? কেন কাশ্মিরের মানুষদেরকে এড়িয়ে যাওয়া হচ্ছে? এটা আরও বেশি সম্পর্কযুক্ত।

তিনি আরও বলেন, ‘আমি সারাবিশ্বের দিকে তাকালে দেখতে পাই যে ফিলিস্তিন, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া, আফগানিস্তানে কী ঘটছে। আমি তাহলে কি সবকিছু নিয়ে কথা বলব?’

চীনের দীর্ঘদিনের বন্ধু এবং বাণিজ্য অংশীদার হচ্ছে পাকিস্তান। বিশেষ করে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে অনেক বেশি সুবিধা পায় পাকিস্তান।

(ঊষার আলো-এফএসপি)