UsharAlo logo
, |

উত্তর কোরিয়ার সঙ্গে দীর্ঘদিনের যুদ্ধ শেষ করতে চায় দক্ষিণ কোরিয়া

ঊষার আলো ডেস্ক
আগস্ট ১৫, ২০২৬ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ করার জন্য প্রতিবেশী দেশ উত্তর কোরিয়াকে আলোচনার প্রস্তাব দিয়েছেন। ১৯৫৩ সালে একটি চুক্তির মাধ্যমে সংঘাত থামলেও, কাগজে-কলমে দুই দেশ এখনও একে অপরের সঙ্গে যুদ্ধরত অবস্থায় রয়েছে। জাপানি শাসন থেকে মুক্তির দিন উপলক্ষে তিনি এই আহ্বান জানান।

প্রেসিডেন্ট লি বলেছেন, দুই দেশের সীমান্তে (ডিএমজেড) উত্তেজনা এড়াতে নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা দরকার। পাশাপাশি, উত্তর কোরিয়া যেন তাদের পারমাণবিক অস্ত্র তৈরি বন্ধ করে, সে বিষয়েও তিনি সরাসরি কথা বলতে চান। তিনি চান দুই দেশ যেন শান্তিপূর্ণভাবে পাশাপাশি থাকে এবং একে অপরের ক্ষতি করার মানসিকতা থেকে সরে আসে।

গত বছর দক্ষিণ কোরিয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই লি জে-মিয়ং উত্তর কোরিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছেন। উল্লেখ্য, উত্তর কোরিয়া ২০২২ সালে নিজেদের পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে ঘোষণা দেয় এবং অস্ত্র না ছাড়ার জেদ ধরে আছে।

লি এর আগে জানিয়েছিলেন যে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র তৈরি সাময়িকভাবে বন্ধ করার যেকোনো বাস্তবসম্মত চুক্তিকে তিনি সমর্থন করবেন।

তবে উত্তর কোরিয়া এখনও আলোচনার এই প্রস্তাবের কোনো জবাব দেয়নি। উল্টো, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আসন্ন সামরিক মহড়ার ঠিক আগে গত মঙ্গলবার তারা সমুদ্রে নতুন করে একটি মিসাইল বা ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ বছর এটি তাদের ১১তম মিসাইল পরীক্ষা।

ঊষার আলো-এসএ