উপজেলা পরিষদে বসার জন্য এমপিরা পাচ্ছেন ‘পরিদর্শন কক্ষ’ জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য রাখছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।
উপজেলা পরিষদগুলোতে জাতীয় সংসদ সদস্যদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলম মুরাদ।
মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে ফ্লোর নিয়ে এমপিদের এ সুসংবাদ দেন প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রীর পরামর্শক্রমে এ সংক্রান্ত সরকারি আদেশ (জিও) এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।
শাহে আলম মুরাদ বলেন, উপজেলা পরিষদের নতুন কিংবা পুরোনো ভবনে বিদ্যমান অবকাঠামোর মধ্যেই সংসদ সদস্যদের জন্য একটি করে কক্ষ প্রস্তুত করা হবে। এসব কক্ষে এটাচ বাথরুমসহ প্রয়োজনীয় আসবাবপত্র রাখা হবে, যাতে সংসদ সদস্যরা স্বাচ্ছন্দ্যে বসে কাজ করতে পারেন।
