UsharAlo logo
, |

কাঁচা চামড়া সংরক্ষণে সচেতনতা ও প্রশিক্ষণের নির্দেশনা

ঊষার আলো ডেক্স
মে ৭, ২০২৬ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

কোরবানির পশুর কাঁচা চামড়া যথাযথভাবে সংগ্রহ ও সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার নির্দেশনা দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বুধবার (০৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।

পত্রে উল্লেখ করা হয়, কাঁচা চামড়া দেশের চামড়া শিল্পের প্রধান কাঁচামাল এবং এটি রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে প্রতি বছর ঈদ-উল-আযহার সময় সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ কারণে জেলা ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চামড়া সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, কোরবানির দুই থেকে চার ঘণ্টার মধ্যে চামড়ায় সঠিক নিয়মে লবণ প্রয়োগ করে বায়ু চলাচলসমৃদ্ধ স্থানে সংরক্ষণ করতে হবে। পশুর হাটে লবণের প্রাপ্যতা নিশ্চিত এবং এ বিষয়ে মনিটরিং জোরদারেরও নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক সভা আয়োজনের কথাও উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, সঠিকভাবে লবণ প্রয়োগ করলে কাঁচা চামড়া অন্তত তিন মাস সংরক্ষণ করা সম্ভব, যা চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করতে সহায়ক হবে।

ঊআ-রহ