UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কুয়েটে শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে নবনিযুক্ত ভিসির মতবিনিময় সভা

Mohon Chowdhury
মার্চ ২৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রোববার (২৯ মার্চ) দুপুর ১২টায় শিক্ষকবৃন্দের সঙ্গে এবং বিকাল ৪টায় কর্মকর্তাবৃন্দের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে পৃথকভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্যে ভাইস-চ্যান্সেলর মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বর্তমান সরকার ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও সবার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, অতীতের অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত গতিশীল করতে হবে, যাতে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া যায়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সুনাম পুনরুদ্ধারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, তিনি এই বিশ্ববিদ্যালয়েরই একজন প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষক হিসেবে প্রতিষ্ঠানের উন্নয়নে আন্তরিকভাবে কাজ করতে দৃঢ়প্রতিজ্ঞ। বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

ভাইস-চ্যান্সেলর বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তোলা হবে এবং কুয়েটকে আধুনিক, জ্ঞানভিত্তিক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য দেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. সাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. ফারুক হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মঈনুল হক এবং কর্মকর্তা সমিতির সভাপতি মো. রবিউল ইসলাম।

সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও শাখার শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-রহ