UsharAlo logo
, |

ক্যাসেমিরোর শেষ মুহূর্তের গোলে কলম্বিয়াকে হারাল ব্রাজিল

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় কলম্বিয়ার বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়েও শেষ সময়ের রোমাঞ্চে জয় পেয়েছে ব্রাজিল। দীর্ঘ সময় পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরান রবের্তো ফিরমিনো। পরে যোগ করা সময়ে গোল করে সেলেকাওদের জয় নিশ্চিত করে কাসিমিরো।
আজ ২৪ জুন বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচ ২-১ গোলে জিতেছে ব্রাজিল। টানা ২ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ড্র করার পর এবার জিততে পারল তারা।
ম্যাচের ১০ম মিনিটেই দুর্দান্ত একটি গোল দিয়ে বসে কলম্বিয়ান স্ট্রাইকার লুইজ দিয়াজ। ব্রাজিলের বক্সের মধ্যে জটলার মধ্যেই হুয়ান কুয়াদ্রাদোর নেয়া একটি ক্রসকে মাথার ওপর দিয়ে বাইসাইকেল কিক নেন দিয়াজ। গোলরক্ষক ওয়েভার্টনের কিছু বুঝে ওঠার আগেই সেটি গিয়ে আশ্রয় নেয় ব্রাজিলের জালে।
একটি গোল দেয়ার পরই পুরোপুরি ডিফেন্সিভ হযে যায় কলম্বিয়া। তাদের ডিফেন্সিভ হাফেই বল নিয়ে প্রবেশ করা কঠিন হয়ে যায় নেইমারদের জন্য। বল নিয়ে প্রবেশ করতে গেলেই তুমুল বাধার সম্মুখিন কলম্বিয়ানদের কাছ থেকে। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও প্রথমার্ধে কলম্বিয়ার গোলের তালা আর খুলতে পারেনি ব্রাজিল।
বিরতির পর নিজেদের লিড ধরে রাখতে আরো রক্ষণাত্মক ফুটবল খেলে কলম্বিয়া। ব্রাজিলের একের পর এক আক্রমণ রুখে দেয় তারা। তবে ৭৮ মিনিটে গোল হজম করে তারা। এ সময়ে বামদিক থেকে ব্রাজিলের রেনান লোদি ক্রসে বক্সের মধ্যে বল বাড়িয়ে দেন। বলকে অনুসরণ করে পেনাল্টি বক্সের সামনে গিয়ে হেড নেন রবার্তো ফিরমিনো। বল কলম্বিয়ার গোলরক্ষক ডেভিড ওসপিনার হাত ছুঁয়ে গোললাইন অতিক্রম করে।
যদিও এই গোলটি নিয়ে ব্যাপক আপত্তি তোলে কলম্বিয়া। বেশ কিছু সময় নষ্ট হয় রেফারির সঙ্গে কলম্বিয়ার খেলোয়াড়দের দেন-দরবারে। শেষ পর্যন্ত গোলটি টিকে যায়।
গোল নিয়ে আপত্তি করে সময় নষ্ট করার কারণে যোগ করা সময় দেওয়া হয় ১০ মিনিট। আর এই যোগ করা সময়ের শেষ মুহূর্তে কর্নার পায় ব্রাজিল। নেইমারের নেওয়া কর্নার কিক থেকে কাসেমিরো গোল করে জয় নিশ্চিত করে।
অবশ্য এই হারে ঝুঁকিতে রয়েছে ৪ ম্যাচ খেলে ফেলা কলম্বিয়া। ইকুয়েডর ও ভেনেজুয়েলিয়া তাদের শেষ ম্যাচে বড় জয় পেলে ছিটকে যেতে পারে তারা।
‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল ৩-০ গোলে হারিয়েছিল ভেনেজুয়েলাকে। পরের ম্যাচে পেরুকে উড়িয়ে দিয়েছিল ৪-০ গোলে। প্রথম ২ ম্যাচ জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেলেকাওরা।

(ঊষার আলো- এম.এইচ)