UsharAlo logo
, |

খুবিতে কর্মকর্তা-কর্মচারীদের মূল্যায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ
Link Copied!

দক্ষতাভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন চালু হলে কাজের গতি বাড়বে : উপাচার্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘স্কিল-বেইজড পারফরম্যান্স অ্যাসেসমেন্ট ফর নন-একাডেমিক অফিসার অ্যান্ড স্টাফ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।

উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবার মানোন্নয়নে কর্মকর্তা ও কর্মচারীদের দক্ষতা, জবাবদিহিতা এবং কর্মনিষ্ঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতাভিত্তিক কর্মদক্ষতা মূল্যায়ন প্রক্রিয়া চালু হলে কাজের স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পাবে, ফলে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় হবে। তিনি সকল কর্মকর্তা-কর্মচারীর কম্পিউটার দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সময়ের সঙ্গে প্রযুক্তিগত পরিবর্তনের সাথে নিজেদের মানিয়ে নিতে হবে।

বিশেষ অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান বলেন, কর্মকর্তা-কর্মচারীদের পদোন্নয়ন ও আপগ্রেডেশনের জন্য পরীক্ষা পদ্ধতি চালু করা হয়েছে। আপগ্রেডেশনের ফলে দায়িত্ব ও কাজের পরিধি বাড়ে এবং পরীক্ষা পদ্ধতির মাধ্যমে নিজেদের দক্ষতা যাচাইয়ের সুযোগ সৃষ্টি হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি-বিধান সম্পর্কে অবগত থেকে তা অনুসরণের আহ্বান জানান।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) প্রফেসর ড. মোঃ আজমল হুদা। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-রেজিস্ট্রার মোঃ নূরুল ইসলাম সিদ্দিকী।

উদ্বোধনী অনুষ্ঠানের পর কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম এবং Khulna Agricultural University-এর অর্থ ও হিসাব বিভাগের পরিচালক জি. এম. আনিসুর রহমান। কর্মশালায় দক্ষতাভিত্তিক মূল্যায়নের কাঠামো, সূচক নির্ধারণ, মূল্যায়ন পদ্ধতি ও বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশগ্রহণ করেন।


নানা আয়োজনের মধ্য দিয়ে খুবিসাস’র
৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (খুবিসাস)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, ইফতার মাহফিল ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুস সাদাত, গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের প্রধান সারা মনামী হোসেন এবং Khulna Press Club-এর আহ্বায়ক এনামুল হক।

বক্তারা বলেন, সাংবাদিকতা একটি মহান ও ঝুঁকিপূর্ণ পেশা। দায়িত্বশীল ও নৈতিক আচরণের মাধ্যমে সাংবাদিকরা জাতির আস্থা অর্জন করতে পারেন। সংবাদের মাধ্যমে যেন কারও ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে ক্যাম্পাস সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুবিসাসের সকল সদস্যকে শুভেচ্ছা জানানো হয়।

খুবিসাস সভাপতি আলকামা রমিনের সভাপতিত্বে বক্তব্য দেন পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলী ও শাখা প্রধান (এস্টেট) উপ-রেজিস্ট্রার এস এম মোহাম্মদ আলী। স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়। ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। অনুষ্ঠানে খুবিসাসের সদস্য, বিভিন্ন ছাত্রসংগঠনের প্রতিনিধি, খুলনায় কর্মরত সাংবাদিক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ