UsharAlo logo
, |

খুলনায় মানসিক রোগীদের চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল : কেসিসি প্রশাসক মঞ্জু

ঊষার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ৯:০৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, খুলনায় মানসিক রোগীদের জন্য চিকিৎসা ব্যবস্থা এখনও অপ্রতুল। সমাজের কিশোর-কিশোরী ও তরুণরা বিভিন্ন কারণে মানসিক চাপের শিকার হচ্ছে। বিশেষ করে লেখাপড়া শেষ করার পর কর্মসংস্থানের সুযোগ না পাওয়ায় এবং পরিবারের চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অনেকেই হতাশায় ভুগছে। ফলে কেউ কেউ নিজের অধিকার আদায়ে ভুল বা ভিন্ন পথ অবলম্বন করছে।

তিনি বলেন, এ বিষয়ে ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবাকে সরকারের স্বাস্থ্যনীতির সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা জরুরি।

বুধবার সকালে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত “কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক” কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রজেক্ট সমাপ্তির পর কাউন্সেলিং কর্নারটি চালু রাখার বিষয়ে খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা কারিতাস এ কর্মশালার আয়োজন করে।

স্বেচ্ছাসেবী সংস্থা কারিতাস ‘আশ্বাস—মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের জন্য’ প্রকল্পের আওতায় পাচারের শিকার নারী-পুরুষদের কাউন্সেলিং ও মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের লক্ষ্যে নগরীর শের-এ-বাংলা রোডস্থ নগর স্বাস্থ্য ভবনে একটি কাউন্সেলিং কর্নার স্থাপন করেছে। এই কর্নারের মাধ্যমে পাচারের শিকার ব্যক্তি এবং মানসিকভাবে বিপর্যস্ত মানুষদের ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করা হচ্ছে।

২০২৫ সালের ২২ জুন উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত কাউন্সেলিং কর্নারে ১০৩ জন রোগীকে কাউন্সেলিং সেবা দেওয়া হয়েছে।

কেসিসি প্রশাসক বলেন, কেসিসির সীমিত সামর্থ্যের মধ্যেও নগর স্বাস্থ্য ভবনে স্থাপিত কাউন্সেলিং কর্নারটি চালু রাখার চেষ্টা করা হবে। এ খাতকে আরও সম্প্রসারণের জন্য জাতীয় পর্যায়ে কর্মশালা আয়োজনের মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আনা এবং তিনি নিজেও প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি তুলে ধরবেন বলে জানান।

কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। শুভেচ্ছা বক্তব্য দেন প্রকল্প পরিচালক দীপ্তা রক্ষিত। কর্মশালায় উপস্থাপনা করেন উইনরক ইন্টারন্যাশনালের সিনিয়র ম্যানেজার এস. কে. নাজমুল ইসলাম এবং দলীয় কার্যক্রম উপস্থাপন করেন এডভোকেসি স্পেশালিস্ট মৃম্ময় মহাজন।


নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে নবলোক

এর আগে বুধবার বেলা ১১টায় নগরীর একটি অভিজাত হোটেলে স্বেচ্ছাসেবী সংস্থা নবলোক আয়োজিত “সিটি লেভেল ফেস আউট” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

নবলোকের নির্বাহী পরিচালক কাজী রাজিব ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর খুলনা বিভাগের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান, কেসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কোহিনুর জাহান, জেলা প্রশাসকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপেন সাধক রনি এবং ওয়াটারএইডের এডভোকেসি লিড অ্যাডভোকেট ফাইয়াজ আহমেদ।

ওয়াটারএইডের অর্থায়নে ‘ওয়াশ ফর আরবান পুওর’ প্রকল্পের আওতায় সংস্থাটি নগরীর নিম্ন আয়ের মানুষের জীবনমান উন্নয়নে নিরাপদ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারে উৎসাহ প্রদান এবং ইতিবাচক স্বাস্থ্যাভ্যাস গড়ে তুলতে কাজ করছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন নবলোকের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা সুজান্না লোপা বাড়ৈ। কর্মশালায় কেসিসির বিভিন্ন ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, মাধ্যমিক শিক্ষা বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্কাউট ও গার্ল গাইড সদস্য, এনজিও প্রতিনিধি এবং প্রকল্পের সুবিধাভোগী কমিউনিটির সিবিও ও যুব নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

ঊআ-রহমাতুল্লাহ