ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় খুলনার ৩ হাসপাতালের করোনা ইউনিটে আরো ৯ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ ২৫ জুন শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পৃথক ৩টি হাসপাতালে মারা গেছে তাঁরা।
খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন ও বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ২ জন।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৫ জন এবং উপসর্গ নিয়ে ১ জন।
এছাড়া ১৩০ শয্যার করোনা হাসপাতালে সকাল ৮টা পর্যন্ত ১৫৪ জন রোগী ভর্তি ছিল। যার মধ্যে রেড জোনে ৯৬ জন, ইয়ালো জোনে ২৩ জন, এইচডিইউতে ২০ জন এবং আইসিইউতে ১৬ জন চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছে ৩৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২২ জন।
খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেছেন, ২৪ ঘণ্টায় করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার রূপসা উপজেলার সরদার মনিরুল (৬৮) নামের ১ জন মারা গেছে। এছাড়া হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯ জন।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে। এঁরা হলেন নগরীর সোনাডাঙ্গা এলাকার শাহানা জামান ও পিরোজপুর সদরের রহিমা (৮০)।
তিনি আরো বলেছেন, হাসপাতালে ৯৪ জন রোগী ভর্তি রয়েছে। এরমধ্যে আইসিইউতে ৯ জন এবং এইচডিইউতে ৭ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৯ জন ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৯ জন।
(ঊষার আলো- এম.এইচ)
