পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে খুলনা সিটি কর্পোরেশনে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্দিষ্ট কিছু পণ্যের খুচরা মূল্য নির্ধারণ এবং বাজার মনিটরিং জোরদারের সিদ্ধান্ত নেওয়াপবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে নগরীর ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে খুলনা সিটি কর্পোরেশনের শহিদ আলতাফ মিলনায়তনে আয়োজিত এ সভায় বিভাগীয় কমিশনার ও সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মোখতার আহমেদ সভাপতিত্ব করেন।
সভায় প্রশাসক বলেন, পবিত্র রমজান মাস ইবাদত ও আত্মশুদ্ধির মাস। এ মাসে খাবার গ্রহণের ক্ষেত্রে সংযমী হওয়ার আহ্বান জানিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, অন্য মাসের তুলনায় রমজানে কম লাভ করলেও এর মাধ্যমে বেশি সওয়াব অর্জন সম্ভব। তিনি প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে প্রতিদিনের মূল্য তালিকা প্রদর্শন এবং ক্রয়ের পাকা রশিদ সংরক্ষণের নির্দেশনা দেন।
তিনি আরও বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ব্যবসায়ীদের প্রতি পবিত্র মাহে রমজানের গুরুত্ব অনুধাবন করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার আহ্বান জানান তিনি।
সভায় রমজান উপলক্ষে কয়েকটি পণ্যের খুচরা বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে খাসির মাংস প্রতি কেজি ১১০০ থেকে ১২০০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ৭৪০ থেকে ৭৫০ টাকা, ডিম প্রতি হালি ৩৮ থেকে ৪৪ টাকা এবং ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
সভায় কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (দক্ষিণ) অমিত বর্মন, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কোহিনুর জাহান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, বাজার সুপার শেখ শফিকুল হাসান দিদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং নগরীর পাইকারি ও খুচরা ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঊআ-এসডি
