UsharAlo logo
, |

গাবুরায় লবণ সহনশীল গাছের চারা বিতরণ

Mohon Chowdhury
জুলাই ২, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এক হাজার সদস্যের মাঝে তিন হাজার লবণ সহনশীল ফলজ ও পরিবেশবান্ধব গাছের চারা বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ-এর আর্থিক সহযোগিতায় গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৫টি গ্রামের ২ হাজার ১৫টি পরিবার নিয়ে ‘জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি’ প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে বুধবার (১ জুলাই) সকাল ১১টায় বুড়িগোয়ালিনী নীলডুমুর ঘাটে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ, এমঅ্যান্ডই কর্মকর্তা প্রিন্স মার্ক বিশ্বাস, প্রকল্প কর্মকর্তা পরিতোষ কুমার বৈদ্য এবং সংস্থার কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, একটি গাছ মানুষের জীবন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। তিনি ফেইথ ইন এ্যাকশনের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

প্রধান অতিথি কৃষিবিদ ওয়ালিউল ইসলাম বলেন, গাবুরা এলাকায় কদবেল, তাল ও তেঁতুল গাছের চারা রোপণ করলে মাটি ক্ষয় রোধের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে তালগাছ বজ্রপাতের ঝুঁকি কমাতে কার্যকর ভূমিকা পালন করে। তিনি সবাইকে বেশি বেশি পরিবেশবান্ধব গাছ রোপণের আহ্বান জানান।

অনুষ্ঠানে ফেইথ ইন এ্যাকশনের প্রাথমিক দলের এক হাজার সদস্যের প্রত্যেকের হাতে একটি করে তাল, একটি করে কদবেল ও একটি করে তেঁতুল গাছের চারা তুলে দেওয়া হয়। মোট তিন হাজারটি গাছের চারা বিতরণের মাধ্যমে জলবায়ু সহনশীল ও সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।