আইএফআইসি ব্যাংক পিএলসি, যশোর শাখার উদ্যোগে চৌগাছা সরকারি কলেজে ‘তারুণ্যের উৎসব–২০২৫’ উপলক্ষে শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট উদ্বোধন ও আর্থিক সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সারা দেশে চলমান ‘তারুণ্যের উৎসব–২০২৫’-এর অংশ হিসেবেই এ আয়োজন করা হয়।
মঙ্গলবার চৌগাছা সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংক পিএলসি, যশোর শাখার শাখা ব্যবস্থাপক কেএম আসাদুজ্জামান, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার মোঃ রাব্বি, ক্রেডিট অফিসার নিশাদুল ইসলাম এবং ব্যাংকের চৌগাছা বাজার উপশাখার ইনচার্জ অনিক তন্ময় সাহা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা গ্রহণের প্রয়োজনীয়তা, দায়িত্বশীল অর্থ ব্যবস্থাপনা, সঞ্চয় অভ্যাস এবং ডিজিটাল আর্থিক লেনদেনের নিরাপত্তা বিষয়ে ধারণা দেওয়া হয়। পরে শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাংক অ্যাকাউন্ট খোলার কার্যক্রম পরিচালনা করা হয়।
শিক্ষক ও শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের আর্থিক সচেতনতা কার্যক্রম তরুণ প্রজন্মকে সঠিক অর্থ ব্যবস্থাপনায় উৎসাহিত করবে। তাঁরা ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
ঊআ-মোহন চৌধুরী
