UsharAlo logo
, |

জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক চাই: ভারতীয় হাইকমিশনার

ঊষার আলো রিপোর্ট
সেপ্টেম্বর ১, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, দুই দেশের সাধারণ মানুষের কল্যাণের কথা বিবেচনায় রেখেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার। পরে সাক্ষাৎ নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এদিনের সাক্ষাতে দুই দেশের মধ্যে মিলেমিশে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যা ঘটে, তা নিয়ে তিনি কিছু বলতে চান না এবং বলা উচিতও নয়। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নির্বাচিত সরকারই জনগণের জন্য কোনটি ভালো, তা সবচেয়ে ভালোভাবে বুঝবে।

দুই দেশের জনগণের সম্পর্কের গুরুত্ব তুলে ধরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আমরা সবসময় চাই। আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ে। সাধারণ মানুষের যেন ভালো হয়, সে জন্য আমাদের দায়িত্ব আছে।’

তিনি বলেন, ‘আমরা সীমান্তের সঙ্গে স্বপ্নও শেয়ার করি। সে জন্য প্রতিবেশী হিসেবে দায়িত্ব বেড়ে যায়। আমরা সমান। কেউ বড় কিংবা ছোট নই।’

বাংলাদেশ ও ভারতের সামনে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘চ্যালেঞ্জ থাকবেই। আমাদের দেখতে হবে বাংলাদেশের গণতান্ত্রিক চ্যালেঞ্জ কী। বাংলাদেশেরও দেখতে হবে ভারতের কী চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো মাথায় রেখে এগিয়ে যেতে হবে।’

দুই প্রতিবেশী দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারস্পরিক সহযোগিতা ও জনগণের স্বার্থকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন তিনি।

ঊষার আলো-এসএ