UsharAlo logo
, |

জাপানের মুদ্রা বাঁচাতে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র

ঊষার আলো ডেস্ক
আগস্ট ৩, ২০২৬ ১২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

৪০ বছরের মাঝে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে জাপানের মুদ্রা ইয়েন। মুদ্রাটির এ দরপতন ঠেকাতে যৌথভাবে বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপ করেছে জাপান ও যুক্তরাষ্ট্র।

সোমবার (৩ আগস্ট) জাপানের অর্থ মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে। তারা জানায়, প্রয়োজনে ভবিষ্যতেও এমন সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।

২০১১ সালের পর এই প্রথম দুই দেশ যৌথভাবে মুদ্রাবাজারে হস্তক্ষেপ করল। ঘোষণার পর ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ১ শতাংশের বেশি বেড়ে প্রতি ডলারে ১৫৫.২০ ইয়েনে পৌঁছায়।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, যুক্তরাষ্ট্র ভবিষ্যতেও জাপানের সঙ্গে যৌথ হস্তক্ষেপে অংশ নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি জাপানের কেন্দ্রীয় ব্যাংককে সুদের হার আরও বাড়ানোর আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেন, বন্ধুত্বের নিদর্শন এবং বৈশ্বিক অর্থনীতিকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র জাপানকে ইয়েনের মূল্য ধরে রাখতে সহায়তা করছে।

তবে সাময়িকভাবে ইয়েন শক্তিশালী হলেও মধ্যপ্রাচ্যের সংঘাতজনিত জ্বালানির উচ্চ মূল্য এবং জাপান-যুক্তরাষ্ট্রের সুদের হারের ব্যবধানের মতো মৌলিক কারণগুলো এখনো বহাল থাকায় দীর্ঘমেয়াদে ইয়েনের ওপর চাপ অব্যাহত থাকতে পারে বলে ধারণা।

ঊষার আলো-এসএ