ঊষার আলো ডেস্ক : ডোপ টেস্ট পজিটিভ হলে সরকারি চাকরি হবে না। সরকারি চাকরিতে কর্মরত কিংবা যারা যোগদান করেছেন তাদেরও ডোপ টেস্ট পজিটিভ হলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২৫ জুন) সেগুনবাগিচার অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা জানান। মন্ত্রী আরও বলেন, মাদক গ্রহণকারীরা কোন ভাবেই সরকারি চাকরি পাবেন না। একই সাথে সরকারি চাকরিতে যোগদানের আগে প্রার্থীর অবশ্যই ডোপ টেস্ট করা হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদনও দিয়েছেন। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি। যার টেস্টে পজিটিভ আসবে, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক ‘মাদকদ্রব্যের অপব্যবহার এবং পাচার অবৈধ’ বিরোধী দিবসের আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, মাদক একজনকে নয়, তার পরিবার কিংবা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। মাদকাসক্ত ব্যক্তির মানসিক বিকৃতি ঘটে কিংবা সে মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। তার দ্বারা ভালো কোনো কাজ করা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই মাদক শুধু বেচাবিক্রি নয়, মাদকের ব্যবহার বা যারা মাদকে আসক্ত তাদের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। ২০৪১ সালে দেশের উন্নয়ন চরম শিখরে পৌঁছানোর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, তা মাদক নির্মূল না করতে পারলে বাধাগ্রস্ত হতে পারে। মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা যেন আরও সাবলীল ও জোড়ালো ভাবে কাজ করতে পারে সেজন্য অধিদপ্তরের জেলা, উপজেলা ও মেট্রোপলিটন এলাকায় লোকবল বাড়ানো হয়েছে। আগামীতে এ অধিদপ্তরকে আরও সুসংহত এবং শক্তিশালী করা হবে।
(ঊষার আলো-আরএম)
