UsharAlo logo
, |

ঢাকা জেলা পুলিশে কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে নভেম্বর ২০২৬-এর প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ঢাকা জেলার মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (Physical Endurance Test—PET) অনুষ্ঠিত হয়। প্রার্থীদের উপস্থিতি নিশ্চিত করার পর শারীরিক সক্ষমতা যাচাই কার্যক্রম শুরু করা হয়।

নিয়োগ বোর্ডের সভাপতি ও ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন উপস্থিত থেকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা, নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পরে মহিলা প্রার্থীদের ১ হাজার মিটার এবং পুরুষ প্রার্থীদের ১ হাজার ৬০০ মিটার দৌড়ের মাধ্যমে দিনের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার প্রতিনিধি ও বিশেষ পুলিশ সুপার (সিআইডি) সুলতানা ফারমানা মাফি, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস, ট্রাফিক দক্ষিণ) এবং অতিরিক্ত দায়িত্বে প্রশাসন ও অর্থ বিভাগের কর্মকর্তা মো. তারিকুল ইসলামসহ নিয়োগ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা। তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার শামীমা পারভীন।

একই সঙ্গে উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের জন্য শুভকামনা জানান তিনি। নিয়োগের বিষয়ে কোনো অসাধু চক্র, দালাল বা প্রতারকের সঙ্গে যোগাযোগ না করার জন্য প্রার্থীদের সতর্ক করেন পুলিশ সুপার। তিনি জানান, নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও মেধার ভিত্তিতে পরিচালিত হচ্ছে। এখানে কোনো ধরনের অনিয়ম, তদবির কিংবা আর্থিক লেনদেনের সুযোগ নেই। প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের মধ্য দিয়ে প্রাথমিক বাছাইয়ের তৃতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন নিয়োগ বোর্ডের সভাপতি।

ঊষার আলো-এসএ