UsharAlo logo
, |

দুই সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

ঊষার আলো
অক্টোবর ৩১, ২০২১ ১১:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : দুই সপ্তাহের বিদেশ সফরে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলন কপ-২৬ এবং অন্য কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে আজ  (রবিবার)যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্দেশে রওয়ানা হয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইট সকাল ৯টা ২৭ মিনিটে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে গেছে।  ফ্লাইটটির স্থানীয় সময় বেলা পৌনে ৩টায় যুক্তরাজ্যর গ্লাসগোর প্রেস্টউইক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

‘ইউনেস্কো-বাংলাদেশ, সৃজনশীল অর্থনীতির জন্য বঙ্গবন্ধুর আন্তর্জাতিক পুরস্কার ও ইউনেস্কোর ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, গ্লাসগোতে অবস্থানকালে প্রধানমন্ত্রী আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিএফভি-কমনওয়েলথ হাইলেভেল প্যানেল ডিসকাশন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগদান করবেন।

বাংলাদেশের সরকারপ্রধান কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসির সাথে বৈঠক করবেন। পরে তিনি কপ ২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন ও ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী শ্রীলংকার রাষ্ট্রপতি গোটাবায় রাজাপাকসের  সাথে বৈঠক করবেন।  ব্রিটিশ প্যাভিলিয়নে ‘অ্যাকশন অ্যান্ড সলিডারিটি-দ্য ক্রিটিক্যাল ডিকেড’  শীর্ষক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী  শেখ হাসিনা।

একই দিন বিকেলে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটস প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। ‘কপ-২৬’-এর ভিভিআইপি সংবর্ধনায় যোগ দেবেন প্রধানমন্ত্রী । এরপর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী স্কটিশ প্যাভিলিয়নে ‘ওমেন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক উচ্চপর্যায়ের সভায় অংশ গ্রহণ করবেন। দুপুরে স্কটল্যান্ডের  ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা । পরে কমনওয়েলথ সংবর্ধনায় যোগ দেবেন এবং বিকালে প্রিন্স চার্লস প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

পরে, ইউকে সভাকক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।  শেখ হাসিনা এদিন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের সাথেও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। শেখ হাসিনা আগামী ১৩ নভেম্বর ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের দেওয়া সংবর্ধনায় ভার্চুয়ালি যোগ দেবেন। প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকার উদ্দেশে প্যারিস ত্যাগ করবেন ও ১৪ নভেম্বর সকালে ঢাকায় পৌঁছাবেন।

 

(ঊষার আলো-আরএম)