UsharAlo logo
, |

“নির্বাচন ঠেকানো যাবে না, দেশ প্রস্তুত নির্বাচনের উৎসবে — আইজিপি বাহারুল আলম”

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৫, ২০২৫ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

“নির্বাচন ঠেকানো যাবে না, দেশ প্রস্তুত নির্বাচনের উৎসবে — আইজিপি বাহারুল আলম”

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বলেছেন, অতীতের ফ্যাসিবাদী আমলে পুলিশের ওপর যে কলঙ্কের বোঝা চাপানো হয়েছে, তা দূর করতে সময় লাগবে। তবে দেশের মানুষ নির্বাচনমুখী এবং নির্বাচন ঠেকানো কারো পক্ষেই সম্ভব নয় বলে তিনি দৃঢ় বিশ্বাস ব্যক্ত করেন।

শনিবার বিকেলে খুলনার বয়রাস্থ পুলিশ লাইন্সে এক প্রেস ব্রিফিংয়ে আইজিপি বলেন, “৪৩ হাজার ভোটকেন্দ্রের মধ্যে ৫০০ সেন্টার পুনঃভোট হলেও ৪২ হাজারের বেশি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হবে। মানুষ নির্বাচনকে স্বাগত জানাচ্ছে।”

তিনি আরও বলেন, সমাজ ও জনগণ পুলিশের সবচেয়ে বড় শক্তি। নাশকতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় শুধু বলপ্রয়োগ যথেষ্ট নয়—জনগণের সহযোগিতা অপরিহার্য।

পুলিশের অতীত বিতর্কিত কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, অতীতে অন্যায়, নির্যাতন, বিনা কারণে আটক, এমনকি ক্রসফায়ারের ঘটনার কারণে জনগণের মনে ভয় ও ক্ষোভ তৈরি হয়েছে। কিন্তু বর্তমান পুলিশ বাহিনী সেই পুরোনো চর্চা থেকে বেরিয়ে এসেছে। তিনি বলেন, “আমরা এখন কাউকে গুলি করতে চাই না, গুম করতে চাই না। আইনের মধ্য দিয়ে সন্ত্রাস দমন করতে চাই।”

সাংবাদিকদের ভূমিকা প্রসঙ্গে তিনি জানান, এবার নির্বাচনে সাংবাদিকদের রিপোর্টিংয়ে কোন বাধা সৃষ্টি করা হবে না। বরং স্বচ্ছতা নিশ্চিত করতে সাংবাদিকদের উৎসাহিত করা হবে।

নির্বাচনকে ফ্রি, ফেয়ার ও উৎসবমুখর করার লক্ষ্যে পুলিশের সব ইউনিটকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তিনি জানান। আগে অনুষ্ঠিত নির্বাচনের নানা সমালোচনার উল্লেখ করে আইজিপি বলেন, এবার সেই বিতর্ক দূর করে একটি সফল নির্বাচন উপহার দিতে পুলিশ প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন—জনগণ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সফল জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

ঊআ-মোচৌ