UsharAlo logo
, |

পর্যটন কেন্দ্র গড়ে তুলেই বদলে দেবো কয়রা-পাইকগাছার অর্থনীতি — বিএনপি প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী

ঊষার আলো ডেস্ক
নভেম্বর ১৫, ২০২৫ ১০:০৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনার দক্ষিণাঞ্চলের সম্ভাবনায় এলাকার কয়রা-পাইকগাছায় পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে এ অঞ্চলের বেকারত্ব ঘোচানো সম্ভব—এ মন্তব্য করেছেন খুলনা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী। তিনি বলেন, “কয়রা হবে পর্যটন কেন্দ্র, দূর হবে বেকারত্ব। আপনাদের সহযোগিতা পেলে এ অঞ্চলকে দেশের গুরুত্বপূর্ণ আধুনিক জনপদে রূপান্তর করতে পারবো।”

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে কয়রার উত্তর মদিনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী প্রচারসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এফ এম মনিরুজ্জামান মনি।

বাপ্পী বলেন, “এই অঞ্চলের মানুষ সোনা ফলায়, কিন্তু আপনারা এখনো মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। যাঁরা এতদিন জনপ্রতিনিধির দায়িত্বে ছিলেন, তাঁরা আপনাদের প্রকৃত চাহিদা পূরণ করতে ব্যর্থ হয়েছেন। আপনাদের ভোটে আমি নেতা নয়, আপনাদের সেবক হতে চাই।”

তিনি আরও বলেন, চলমান উন্নয়নের পাশাপাশি দৃশ্যমান উন্নয়ন নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। “আমি এমন কাজ করতে চাই, যাতে ভবিষ্যতে আমাকে ভোট চাইতে না হয়—আপনারাই আমার কাজ দেখে আমাকে নির্বাচিত করবেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি এম ডি বায়েজিত হোসেন বাচ্চু  জেলা বিএনপির সদস্য ও কয়রা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ বিশ্বাস, কয়রা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ হাসান, মনিরুজ্জামান বেল্টু এবং উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তাসিম বিল্লাহ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজুল ইসলাম, কোহিনুর আলম, মোস্তাফিজুর রহমান, মহরম হোসেন, জাহাঙ্গীর হোসেন, মাকসুদুর রহমান, জামাল ফারুক জাফরিন, আব্দুল গফফার, এস এম গোলাম রসুলসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এর আগে দিনের শুরুতে চাঁদখালীর মৌখালী বাজারে গণসংযোগ ও পথসভা করেন এস এম মনিরুল হাসান বাপ্পী। এরপর আমাদী বাজার, চাঁদ আলী বাজার, পল্লী মঙ্গল বাজার, সরকারি পুকুরপাড় বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। ৫নং কয়রা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ইউপি সদস্য এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গেও তিনি মতবিনিময় করেন।

গণসংযোগ ও ধারাবাহিক প্রচারসভায় স্থানীয় জনসাধারণের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

 

ঊআ-মোচৌ