পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ট্যাঙ্ক জেলার ওয়াজিরাবাদে ট্রাফিক পুলিশের একটি গাড়িতে বন্দুক হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুই বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।
প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, সশস্ত্র হামলাকারীরা ট্রাফিক পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। হামলার পর তারা পুলিশের গাড়ি ও সঙ্গে থাকা অস্ত্র নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত দুই বেসামরিক নাগরিককে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহত পুলিশ সদস্যদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন— গুল আমিন ও সেলিম শাহ কোরেশি। তৃতীয় পুলিশ সদস্যের পরিচয় এখনও নিশ্চিত করা হয়নি।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলাকারীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
হামলার ঘটনায় নিন্দা ও শোক জানিয়েছেন পাকিস্তানের ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি।
নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি তাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
ঊষার আলো-এসএ
