UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের ওপর হামলার ঘটনায় অভিযান, গ্রেফতার ২৪

ঊষার আলো
জুন ১১, ২০২৬ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাভারে পুলিশের ওপর হামলার ঘটনায় এজাহারভুক্ত ৫ আসামিসহ হত্যা, মাদক, চুরি, হত্যাচেষ্টা এবং আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত মোট ২৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত সাভার বেদে পাড়ায় এ অভিযান চালানো হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বক্তারপুর পোড়াবাড়ি এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. রফিকুল ইসলামকে (২৮) গ্রেফতারের উদ্দেশে অভিযান চালায় সাভার মডেল থানা পুলিশ। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে বক্তারপুর বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় পুলিশ সদস্যরা রফিকুল ইসলামকে শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করে। এ সময় তিনি তার সহযোগীদের ডাকাডাকি করে ঘটনাস্থলে অর্ধশতাধিক লোক জড়ো করেন। একপর্যায়ে রফিকুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশের অভিযানে বাধা সৃষ্টি করে এবং পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে।

জানা গেছে, পুলিশের পরিচয় দেওয়া ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা সত্ত্বেও রফিকুল ইসলাম সাভার মডেল থানার পরিদর্শক (এসআই) এসএম শামীম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মশিউর রহমানকেও লাঠি, রডসহ দেশিয় অস্ত্র দিয়ে মারধর করা হয়। হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়ে মাটিতে পড়ে গেলে হামলাকারীরা তাদের ওপর আবারও আক্রমণ চালায় এবং ভবিষ্যতে ওই এলাকায় আসামি গ্রেফতারের চেষ্টা করলে পুলিশকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

ঘটনার পরপরই জেলা পুলিশের নির্দেশনায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিশেষ অভিযান পরিচালনা করে সাভার মডেল থানা পুলিশ। অভিযানে পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত ৫ আসামিকে গ্রেফতার করা হয়।

তারা হলেন- সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাঞ্চনপুর এলাকার মো. রতনের ছেলে আরিফুল ইসলাম (২০), একই এলাকার মো. মহির উদ্দিনের ছেলে সাগর মিয়া (২৩), বক্তারপুর তিন রাস্তার মোড় এলাকার গোলাম হোসেনের ছেলে মো. মারুফ (২০), পোড়াবাড়ি এলাকার মো. হাসানের ছেলে মো. হুমায়ুন (১৯) এবং বক্তারপুর এলাকার বাবুলের ছেলে মো. রাকেশ মাল (৩০)।

ঊষার আলো-এসএ