মানুষের কল্যাণ সাধনই জামায়াতের মূল লক্ষ্য — অধ্যাপক মাহফুজুর রহমান
নগরীর ফুলবাড়িগেট দারোগাবাজার মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মাহফুজুর রহমান।
তিনি বলেন, জামায়াতে ইসলামী শুধু একটি রাজনৈতিক দল নয়; এটি সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয়ে পরিচালিত একটি সংগঠন। মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনই দলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো একটি ইমানি দায়িত্ব। যেখানেই মানুষ বিপদগ্রস্ত হয়, সেখানেই জামায়াতে ইসলামী সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। দলের কার্যক্রম মূলত নেতাকর্মীদের আর্থিক ত্যাগ ও অবদানের মাধ্যমে পরিচালিত হয় বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। সহায়তা গ্রহণকারীদের মধ্যে ছিলেন মার্কেটের মালিক জিসান হোসেন, চা ব্যবসায়ী মহসিন আলী, ওষুধ ব্যবসায়ী মোশাররফ হোসেন ডাবলু, ফার্নিচার ব্যবসায়ী মোহাম্মদ আলী, গ্যাস ব্যবসায়ী কামাল হোসেন, দোকানদার আউয়াল হোসেন এবং স্যানিটারি ব্যবসায়ী মমিন হোসেন।
দৌলতপুর থানা জামায়াতে ইসলামীর আমীর মুশাররফ আনসারীর সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেন পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, মাওলানা মহিউদ্দিন, ফুলবাড়ীগেট বাজার সমিতির সাধারণ সম্পাদক ডা. সৈয়দ গোলাম কিবরিয়া, রেজাউল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষে মহানগর আমীর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দ্রুত ক্ষতি কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া মোনাজাত করেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ভোর রাতে ফুলবাড়িগেট দারোগাবাজার মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডে চারটি দোকান ও দুটি গুদাম পুড়ে যায়।
ঊআ-রহ
