UsharAlo logo
, |

বগুড়ায় প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পানিতে ভাসছে

ঊষার আলো
জুন ২৪, ২০২১ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ভূমিহীনদের দেয়া নয়টি ঘর এখন বৃষ্টির পানিতে ভাসছে। সেখানে আশ্রয় পাওয়া পরিবারগুলো চরম দুর্ভোগের শিকার হচ্ছে। অসহায় মানুষের দুর্ভোগের সংবাদ পেয়ে বৃহস্পতিবার (২৪ জুন) ঘটনাস্থলে ছুটে যান ইউএনও আসিফ আহমেদ। তিনি দুর্গত প্রতিটি পরিবারকে খাদ্য সহায়তা দেন। সেই সাথে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ নেন।
জানা গেছে, ২০২০ সালে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীনে কাবিটা প্রকল্পের আওতায় ১৫ লাখ ৩৯ হাজার টাকা ব্যয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের পলিপাড়া গ্রামে ভূমিহীন ও গৃহহীন হতদরিদ্র ৯টি পরিবারের জন্য নির্মাণ করা হয় দুই কক্ষ বিশিষ্ট ৯টি বাড়ি। এসব বাড়ি নিচু জায়গায় নির্মাণের উদ্যোগ নেয়া হলে স্থানীয়রা আপত্তি তুলেন। এছাড়া ওই প্রকল্পে নিম্ন মানের নির্মাণ সামগ্রি ব্যবহারেরও অভিযোগ তোলা হয়। কিন্তু স্থানীয়দের মতামত উপেক্ষা করে নিচু জায়গাতেই প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। তাই এখন সামান্য বৃষ্টিতেই পানিতে ভাসছে গৃহহীন মানুষের জন্য নির্মিত প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি।
শাজাহানপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার জানান, আশ্রয়ণ প্রকল্প-২’র আওতায় প্রথম পর্যায়ে আড়িয়া ইউনিয়নে সরকারি খাস জমিতে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধাণে বাড়িগুলো নির্মাণ করা করা হয়েছে।
ওই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হজুর আলী জানিয়েছেন, অল্প বৃষ্টিতেই পানি ঘরে ঢুকে গেছে। রান্নাঘর, বাথরুম, টিউবওয়েল, যাতায়াতের রাস্তা সব কিছুই পানিতে ভাসছে। সমস্যার স্থায়ী সমাধানের জন্য জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন বীর মুক্তিযোদ্ধা হুজুর আলী।
আশ্রয়ণ কেন্দ্রের আরেক বাসিন্দা আয়শা বেগম জানিয়েছেন, ‘হামাকেরে ঘরবাড়ি নাই, তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা হামাকেরে ঘর দিছে। ৩ দিন ধইর‌্যা ঘরের মদ্যে পানি। সাপ, ব্যাঙ, পোকামাকড়ের ভয়ে দিন যাচ্চে।’
শাজাহানপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দাদের দুর্ভোগের বিষয়টি জানার পর পরই বৃহস্পতিবার তিনি ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের খোঁজ-খবর নিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুর্গতদের খাদ্য সহায়তা দিয়েছেন।
এছাড়া জলাবদ্ধতা নিরসনে আপাতত পানি নেমে যাওয়ার ব্যবস্থা করেছেন। পরবর্তীতে জলাবদ্ধতা নিরসনে স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
(ঊষার আলো-এমএনএস)