রহমত, বরকত ও নাজাতের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান সমাগত। রমজানের পবিত্রতা রক্ষা ও তাকওয়াপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সকলের দায়িত্ব বলে উল্লেখ করেছে খুলনা বিএনপি।
পবিত্র রমজান উপলক্ষে বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিএনপি’র মিডিয়া সেল প্রদত্ত এক বিবৃতিতে খুলনাবাসীসহ বিশ্বের সকল মুসলমানদের প্রাণঢালা শুভেচ্ছা ও মোবারকবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা প্রার্থনা করলে তিনি সন্তুষ্টচিত্তে বান্দাকে ক্ষমা করে দেন। প্রকৃত মোমিন ব্যক্তি এ মাসে আল্লাহর নৈকট্য লাভের আশায় সকল ক্ষেত্রে সংযমী জীবনযাপন করেন।
বিবৃতিতে রমজানের পবিত্রতা রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
এছাড়া ইফতার ও সেহরীর সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা, খুলনা মহানগরীকে যানজটমুক্ত রাখা এবং রমজানের পবিত্রতা রক্ষায় অশ্লীলতা ও বেহায়াপনা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে এবং মজুদদার, মুনাফাখোর ও সিন্ডিকেটদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
বিবৃতিদাতাদের মধ্যে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, মহানগর বিএনপির সভাপতি অ্যাড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং খুলনা জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) মনিরুল হাসান বাপ্পীসহ অন্যান্য নেতৃবৃন্দ।