UsharAlo logo
, |

বিড়ালের আঁচড়ের পর শিশুর ‘মিউ মিউ’ শব্দ, কারণ জানালেন চিকিৎসক

ঊষার আলো রিপোর্ট
আগস্ট ২৩, ২০২৬ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর মুস্তারীন আদ্রিতা নামে ৫ বছরের এক শিশুর অস্বাভাবিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে শিশুটিকে ‘মিউ মিউ’ শব্দ করতে শোনা যায়। এ নিয়ে এলাকায় নানা আলোচনা তৈরি হয়েছে।

তবে চিকিৎসক বলছেন, শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি। ভয় বা মানসিক চাপ থেকে এমন আচরণ হতে পারে।

শনিবার (২২ আগস্ট) বিকাল ৪টার দিকে বিষয়টি গণমাধ্যমকে জানান কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন।

জানা গেছে, মুস্তারীন আদ্রিতা ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার ব্যাংকার সাব্বিরের মেয়ে। বিড়ালের আঁচড়ের পর গত ১৭ আগস্ট তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে জলাতঙ্কের টিকাও দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে শিশুটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ভিডিওতে শিশুটিকে বিড়ালের মতো শব্দ করতে এবং অস্বাভাবিক আচরণ করতে দেখা যায়। এরপর থেকেই ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়।

স্থানীয়রা জানিয়েছে, শিশুটির পরিবার শখ করে একটি বিড়াল পুষত। বিড়ালটি একপর্যায়ে মুস্তারীন আদ্রিতাকে আঁচড় মারে। তবে বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে শিশুটির পরিবারের পক্ষ থেকেও কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় হেলাল মজুমদার বলেন, আমাদের এলাকায় এমন ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। ভিডিওটি দেখার পর জানতে পেরেছি। ভুক্তভোগী পরিবারের কেউই বাড়িতে নেই। বর্তমানে আদ্রিতা ঢাকায় চিকিৎসাধীন বলে জানতে পেরেছি। তবে রাজধানীর কোন হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, তা বলতে পারছি না।

ডা. ইকবাল হোসেন বলেন, বিড়ালের আঁচড়ের পর শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। তবে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ দেখা যায়নি।

শিশুটির অস্বাভাবিক আচরণ প্রসঙ্গে তিনি বলেন, মিউ মিউ’ শব্দ করা বা অস্বাভাবিক আচরণ জলাতঙ্কের কারণে হয়েছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভয় বা মানসিক চাপের কারণেও শিশুর এমন আচরণ হতে পারে।

ঊষার আলো-এসএ