বিদেশগামীদের ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে — খুবি উপাচার্য
বিদেশগামীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে ভাষা শিক্ষা ও কারিগরি দক্ষতা অপরিহার্য—এ মন্তব্য করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম।
‘সৌদি আরবে নিরাপদ অভিবাসন ও উচ্চ শিক্ষায় জাপান গমন’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জনসংখ্যা দেশের বোঝা নয়; যথাযথ দক্ষতা ও সুযোগ তৈরি করতে পারলেই জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা সম্ভব। তিনি উল্লেখ করেন, রেমিট্যান্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, বিশেষত লো-স্কিলড কর্মীরা দেশের উন্নয়নে প্রত্যক্ষ অবদান রেখে যাচ্ছেন।
তিনি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, বিদেশ যাওয়ার আগ্রহী শিক্ষার্থীদের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা অর্জন এবং সঠিক প্রস্তুতির বিষয়ে শিক্ষকরা গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন। শিক্ষকদের সক্রিয় ভূমিকা অভিবাসন প্রক্রিয়াকে আরও নিরাপদ ও সফল করতে সহায়তা করবে।
উপাচার্য আরও জানান, খুলনা বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা শিক্ষার জন্য মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার রয়েছে, যা শিগগিরই ইনস্টিটিউটে রূপান্তর করা হবে। এর ফলে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, বাইরের শিক্ষার্থীরাও আধুনিক ভাষা শিক্ষা গ্রহণের সুযোগ পাবেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) মোঃ আশরাফ হোসেন বিদেশগমন-প্রত্যাশীদের কারিগরি দক্ষতা, বিদেশি ভাষা শিক্ষা এবং নিরাপদ অভিবাসনের প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন খুলনা টিটিসির অধ্যক্ষ মোঃ জিয়াউর রহমান। তিনি টিটিসির বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, সক্ষমতা বৃদ্ধি উদ্যোগ এবং প্রতিষ্ঠানের অগ্রগতির চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন টিটিসির ইন্সট্রাক্টর (কম্পিউটার) উম্মে হাবিবা ইসলাম।
মতবিনিময় সভায় খুলনা অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, টিটিসির কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
![]()
