UsharAlo logo
, |

ভারতের সরকারি হাসপাতালে করোনা রোগী ধর্ষিতা

ঊষার আলো
মে ১৪, ২০২১ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ভারতের সরকারি হাসপাতালে পুরুষ নার্স ধর্ষণ করেছিল করোনা আক্রান্ত এক নারী রোগীকে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। মধ্যপ্রদেশের ভোপালের হাসপাতালে ঘটনাটি ঘটেছিল প্রায় এক মাস আগে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর বৃহস্পতিবার (১৩ মে) এ ঘটনার কথা জানিয়েছে পুলিশ।
কোভিডে মুমূর্ষু অবস্থা ছিল ৪৩ বছরের ওই নারীর। ভর্তি হয়েছিলেন ভোপালের মেমোরিয়াল হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টারে।
৬ এপ্রিল তিনি জানান, তাকে নির্যাতন করেছেন একজন পুরুষ নার্স। চিকিৎসককে প্রথম সেই অভিযোগ করলে তিনিই ওই পুরুষ নার্সকে চিনিয়ে দেন। এরপরই শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে।
একদিকে করোনা অন্যদিকে নির্যাতনের যন্ত্রণা, আর লড়াই করতে পারেননি সেই নারী। ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হয়। এরপর নিশতপুত্র থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্তের নাম সন্তোষ আহিরওয়ার।
৪০ বছর বয়সী সন্তোষ বর্তমানে ভোপাল সেন্ট্রাল জেলে রয়েছে। সিনিয়র পুলিশ অফিসার ইরশাদ আলি বলেছেন, ‘নির্যাতিতা পুলিশকে বলেছিলেন তার পরিচয় গোপন রাখতে। সে জন্য তদন্তকারী দল ছাড়া কাউকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।’
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে। একবার মদ্যপান করে ডিউটি করার অভিযোগও উঠেছিল তার বিরুদ্ধে।

(ঊষার আলো-এমএনএস)