ঊষার আলো রিপোর্ট: চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত মধ্যরাতে স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের আব্দুল মুনাফ মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ি যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি যেতে না পারায় এসব পরিবারের কিছুই রক্ষা করা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
স্থানীয় ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের কথা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ইউনিয়ন পরিষদের তরফ থেকে খাদ্য ও ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, ঘটনার রাতে খবর পেয়ে আমরা সাথে সাথে রওনা হই। ঘটনাস্থলে যাওয়ার সড়কে গেটবার থাকার কারণে খানিকটা বিলম্ব হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
