ঊষার আলো ডেস্ক : এখনো অনেক বাবা-মা আতঙ্কে আছেন তাদের সন্তানকে স্কুল-কলেজে পাঠাবেন কি না?। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ উপস্থিতি না হওয়ার অন্যতম কারণ এটি। সব বাধা পেরিয়ে আবারও মুখরিত হয়ে উঠবে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বলেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার(৩০ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা পুলিশ আয়োজিত সমাবেশে শিক্ষামন্ত্রী এ কথা জানান। ডা. দীপু মনি বলেন, করোনার স্থবিরতায় শিক্ষাপ্রতিষ্ঠানে কতভাগ শিক্ষার্থী ঝরে পড়েছে, সেই হিসেব নেই সরকারের কাছে। তবে, এই স্থবিরতা কাটিয়ে উঠার পর এখনো শতভাগ উপস্থিতি নিশ্চিত করা যায়নি। যার মধ্যে কেউ কেউ বাল্য বিয়ের শিকার হয়েছে। তাদেরকে কিভাবে আবারও শিক্ষামুখী করা যায় সেজন্যও নানা উদ্যোগ চলছে।
চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নারী বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার, জেলা আওয়ামী লীগ সভাপতি নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দাউদ হোসেন চৌধুরী, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ডা. এসএম সহিদউল্লাহ, সাধারণ সম্পাদক সুফি খাইরুল খোকন, মতলব দক্ষিণ উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি অধ্যক্ষ রুহুল আমিন এবং চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী প্রমুখ।
সার্বিক আয়োজন এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) সুদীপ্ত রায় ও লেখক ও ছড়াকার ডা. পীযুষ কান্তি বড়ুয়া।
(ঊষার আলো-আরএম)
