ঊষার আলো ডেস্ক : করোনা সংক্রমণ ঠেকাতে সারা দেশে আগামী সোমবার (২৮ জুন) থেকে সাতদিনের ‘কঠোর লকডাউন’ শুরু হওয়ার কথা থাকলেও সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে শুরু হবে ‘সর্বাত্মক লকডাউন’। লকডাউনে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। শনিবার (২৬ জুন) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন।
সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে সারাদেশে সর্বাত্মক লকডাউন কার্যকর করা নিয়ে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সভাপতিত্বে ভার্সুয়াল মাধ্যমে একটি সভা অনুষ্ঠিত হয়। এতে মন্ত্রীপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব, পুলিশের মহাপরিদর্শক সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
পরে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী টেলিফোনে প্রতিবেদককে বৈঠকের কথা জানিয়ে বলেন, এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বিস্তারিত জানাবেন। বৃহস্পতিবার থেকে লকডাউন দেয়ার বিষয়ে তিন নিশ্চিত করে বলেন, এ রকমই সিদ্ধান্ত হয়েছে।
জানা গেছে, বাজেট অধিবেশন ও বাজেট পাশের কারণে ১ জুলাই থেকে লকডাউন কার্যকর হবে।
এর আগে বৃহস্পতিবার করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে ১৪ দিনের শাটডাউনের এ সুপারিশ করা হয়।
(ঊষার আলো-এমএনএস)
