UsharAlo logo
, |

সারাদেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : গত কয়েকদিন বৃষ্টির দেখা মিললেও সেটা বেশি সময় স্থায়ী হয়নি। এ কারণে বৃষ্টি হলেও গরমের প্রভাব তেমন একটা কাটেনি। এরইমধ্যে সারাদেশে দিনের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৭ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
তাপমাত্রার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
এ সময়ে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ ১০-১৫ কিলোমিটারে ওঠে যেতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।
এদিকে ২৬ জুন শনিবার সারাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৪৫ মিলিমিটার।
(ঊষার আলো-এমএনএস)