UsharAlo logo
, |

১৬ দেশ থেকে সহজ শর্তে কর্মী নেবে ডেনমার্ক

ঊষার আলো ডেস্ক
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:২৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৭ সাল থেকে বিদেশী কর্মীদের জন্য কাজের সুযোগ আরও বাড়াতে যাচ্ছে ডেনমার্ক। বৈশ্বিক পেশাদারদের ইউরোপের এই দেশে ক্যারিয়ার গড়ার সুবিধা দিতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একটি নতুন অভিবাসন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’ জানায়, এই প্রক্রিয়ায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা ডেনমার্কে গিয়ে কাজ করার সুযোগ পাবেন।

ডেনমার্কের যেসব প্রতিষ্ঠান এই নিয়মে কর্মী নিয়োগ করতে চায়, তাদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—কমপক্ষে দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসা পরিচালনা করা, প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকা এবং স্থানীয় শ্রম আইন অনুযায়ী যৌথ চুক্তি মেনে চলা। শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে সনদপত্র নিয়ে বিদেশ থেকে কর্মী আনতে পারবে।

সুযোগ পাওয়া ১৬টি দেশের তালিকায় রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া ও সিঙ্গাপুর। ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য বৈশ্বিক দক্ষ কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতেই এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন এই নিয়মে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সর্বনিম্ন বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩,২২,০০০ ডেনিশ ক্রোন (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৭ লাখ টাকা)। ডেনমার্কে কর্মসংস্থানভিত্তিক অন্যান্য ওয়ার্ক পারমিটের তুলনায় এই বেতনসীমা বেশ কম। ফলে আগের চেয়ে অনেক সহজেই নিয়োগকর্তারা বিদেশী কর্মী নিতে পারবেন এবং আন্তর্জাতিক পেশাদারদের জন্য ডেনমার্কে কাজের পথ আরও সুগম হবে।

ঊষার আলো-এসএ