UsharAlo logo
, |

২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেট পাস

ঊষার আলো
জুন ৩০, ২০২১ ৫:৪০ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নির্দিষ্টকরণ বিল-২০২১ পাসের মধ্য দিয়ে সংসদে ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়েছে। বুধবার (৩০ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে এ বিল পাস হয়। সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসময় উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের কার্যাদি নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হতে অর্থ প্রদান এবং নির্দিষ্টকরণের কর্তৃত্ব দেওয়ার জন্য আনিত বিলটি (নির্দিষ্টকরণ বিল-২০২১) পাসের প্রস্তাব করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাজেট পাস করার জন্য সংসদ সদস্যদের প্রতি কণ্ঠভোট আহ্বান করেন। এরপর সংসদ জুড়ে ‘হ্যাঁ’ শব্দ শোনা যায়। ‘না’ এর পক্ষে ভোট শোনা যায়নি। তারপর কণ্ঠভোটে পাস হয় ২০২১-২২ অর্থবছরের বাজেট। সরকারি দলের সদস্যদের কণ্ঠভোটে বিরোধী দলের ছাঁটাই প্রস্তাবগুলো নাকচ হয়ে যায়।

আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম বাজেট। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ৩য় বারের মতো বাজেট পেশ করেন। গত ৩ জুন অর্থমন্ত্রী মুস্তফা কামাল সংসদে বাজেট উপস্থাপনের পর ৪০ জন সংসদ সদস্য ২০২১-২২ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে ১৬ ঘণ্টা ১০ মিনিট আলোচনা করেন। ২০২১-২২ অর্থবছরের ১ম দিন (১ জুলাই ) থেকে এ বাজেট কার্যকর হবে।

(ঊষার আলো-আরএম)