নড়াইলের লোহাগড়ায় ব্যবসায়িক বিরোধের জেরে প্রতিবন্ধী ফকির আলীনুর হত্যা মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যেই ফরিদপুরের বোয়ালমারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
র্যাব-৬ জানিয়েছে, মঙ্গলবার (২১ জুলাই) ভোর ৩টার দিকে র্যাব-৬-এর যশোর সিপিসি-৩ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া এলাকায় অভিযান চালিয়ে রহমান শেখ (২৫) নামে ওই আসামিকে গ্রেপ্তার করে। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার কুমারডাঙ্গা গ্রামের বাসিন্দা।
র্যাবের ভাষ্য অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে ব্যবসার জন্য ভুক্তভোগী ফকির আলীনুরের কাছ থেকে ১৮ হাজার টাকা ধার নেন অভিযুক্ত। পরে টাকা ফেরত চাইলে গত ১৮ জুলাই রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ডেকে নেওয়া হয় আলীনুরকে। সেখানে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠি দিয়ে তাঁকে এবং তাঁর সঙ্গে থাকা দুই স্বজনকে মারধর করা হয়।
গুরুতর আহত অবস্থায় আলীনুরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আলীনুরের ভাই আমিনুল ফকির বাদী হয়ে লোহাগড়া থানায় হত্যা মামলা করেন।
ঊষার আলো-এসএ
