UsharAlo logo
, |

২৪ ঘণ্টায় খুলনার ৩ হাসপাতালে ১৭ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২৭, ২০২১ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনার ৩ টি করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। একের পর এক মৃত্যুর ঘটনায় স্বজনদের কান্নাও যেন থামছে না। গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের মৃত্যু হয়েছে। ২৬ জুন শনিবার সকাল ৯টা থেকে ২৭ জুন রবিবার সকাল ৯টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে।
এ সময়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ইউনিটে ১২ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে ২ জন এবং বেসরকারি গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিল।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেছেন,গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৯ জন ও ইয়ালো জোনে ৩ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছে ৪২ জন, আবার সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৯ জন। আর আইসিইউতে রয়েছে ১৯ জন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন আছে।
খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, সদর হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- বাগেরহাটের কাশিমপুরের আতিয়ার রহমান মল্লিক (৬৫) ও সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ্ (৬৭)। গত ২৪ ঘন্টায় এ হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ১২ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮ জন। ভর্তি ছিল ৬৮ জন, এর মধ্যে ৩৩ জন পুরুষ ও ৩৫ জন নারী।
গাজী মেডিক্যালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান বলেন, গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- খুলনার ১ নম্বর নেভিগেট এলাকার শামসুল আলম (৬৩), সাতক্ষীরার পালাশপুরের আব্দুস সামাদ (৭৫), নড়াইলের নড়াগাতীর মৌলি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। ৮৮জন চিকিৎসাধীন রয়েছে, তার মধ্যে ৬ জন আইসিইউ এবং ৫জন এইচডিইউতে। এছাড়া সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ২২ জন আবার নতুন করে ভর্তি হয়েছে ১৯জন।

(ঊষার আলো- এম.এইচ)