UsharAlo logo
, |

যশোরে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেফতার

ঊষার আলো ডেস্ক
ডিসেম্বর ৬, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

যশোরের অভয়নগর থানার চাঞ্চল্যকর শামীম শেখ হত্যা মামলার অন্যতম আসামি সাইফুল ফকিরকে গাজীপুর থেকে এবং যশোর কোতয়ালী থানার আলোচিত আকাশ হত্যা মামলার পলাতক আসামি মো. আলামিনকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর।

র‌্যাব জানায়, তারা নিয়মিতভাবে হত্যা, ধর্ষণ, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দুই হত্যা মামলার এ দুই পলাতক আসামিকে আটক করা হয়।

গত ৫ ডিসেম্বর ২০২৫ বিকাল ৩টা ৪০ মিনিটে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর জানতে পারে যে গাজীপুর মহানগর পুলিশের টঙ্গীপূর্ব থানার জয়দেবপুর জনতা ব্যাংক সংলগ্ন এনএম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এলাকায় আত্মগোপনে রয়েছে শামীম শেখ হত্যা মামলার আসামি সাইফুল ফকির (২২)। পরে র‌্যাব-১ এর সহযোগিতায় রাত ৮টা ২০ মিনিটে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে একই দিন রাত ৮টা ৪০ মিনিটে র‌্যাব-৬, সিপিসি-৩ এর আরেকটি দল গোপন সংবাদে জানতে পারে যে যশোর রেলস্টেশন সংলগ্ন রূপসা হোটেলে অবস্থান করছে ২০১২ সালের আকাশ (১৮) হত্যা মামলার পলাতক আসামি মো. আলামিন। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, অপরাধী যেই হোক, আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঊআ-মোহন চৌধুরী