UsharAlo logo
, |

খুলনার ঈদ বাজার:ঈদ সামনে রেখে জমে উঠেছে খুলনার পোশাকবাজার

JAHANUR
মার্চ ৯, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

দেখতে দেখতে পার হলো ১৮ রমজান। ঈদ সামনে রেখে জমে উঠেছে খুলনার পোশাকবাজার। প্রতিটি মার্কেটে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাবেচা। কম দামে পোশাক কিনতে অনেকে ছুটছেন ফুটপাথের দোকানে । অভিজাত শপিং মার্কেটের দোকানগুলোতেও বিক্রি কম নয়। বিক্রি বেড়েছে ১৪ রমজান থেকে। সরকারি  কর্মকর্তা-কর্মচারীদের বেতন-বোনাস পাওয়ার পর ঈদ মার্কেট জমে উঠেছে বলে জানান ব্যবসায়ীরা।গত শনিবার নগরীর ব্যস্ততম সড়কের  বিভিন্ন মোড়ের ফুটপাথের দোকান থেকে শুরু করে অভিজাত শপিং মলগুলোতে ভিড় দেখা যায়। তবে পুরুষের তুলনায় নারীদের পোশাকের দোকানগুলোতে ভিড় বেশি। বিশেষ করে থ্রি-পিস, গাউন, লেহেঙ্গাসহ বিভিন্ন ফ্যাশনের পোশাকের দোকানগুলোতে নারী ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। নগরীর প্রাণকেন্দ্র আখতার চেম্বার, হাজী মালেক চেম্বার, এশা চেম্বার, পিকচার প্যালেস, খুলনা শপিং কমপ্লেক্স, রব সুপার মার্কেট, শহীদ সোহরাওয়ার্দী বিপণিবিতান, রেলওয়ে বিপণিবিতান, জব্বার মার্কেট, খানজাহান আলী হকার্স মার্কেট, নিউমার্কেটসহ বড় ও মাঝারি মার্কেটগুলোতে ঘুরে এ চিত্র দেখা  গেছে।  তবে অভিজাত মার্কেটের তুলনায় মধ্যম সারির মার্কেট ও ফুটপাতে পণ্যের দাম কম হওয়ায় সেখানে বিক্রি বেশি হচ্ছে বলে জানান দোকানিরা।