খুলনা মহানগরীর সদর থানাধীন টুটপাড়া বালুর মাঠ এলাকার দারোগার বস্তিতে মাদক সংক্রান্ত বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নয়ন শেখ (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। তিনি হত্যা ও মাদকসহ একাধিক মামলার আসামি এবং পেশাদার মাদক ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টা ৩৫ মিনিটে মুখোশ ও ক্যাপ পরিহিত অবস্থায় নূর আজিম গ্রুপের সক্রিয় সদস্যরা নয়ন শেখকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় হামলায় অংশ নেয় সন্ত্রাসী ও ছিনতাইকারী হিসেবে পরিচিত ধলু, নাহিদ (২৮), হাসান (২৫) এবং আরও ২–৩ জন অজ্ঞাতনামা ব্যক্তিরা। আকস্মিক হামলায় নয়ন শেখের ডান পায়ের রানে গুলি লাগে। গুলি চালানোর পর স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহত নয়ন শেখকে উদ্ধার করে রাত ৯টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ড এ ভর্তি করেন। নয়ন শেখের বাড়ি খুলনা মহানগরীর লবণচরা থানাধীন আশিবিঘা এলাকায়। তিনি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
