UsharAlo logo
, |

কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

ঊষার আলো রিপোর্ট
জুন ১৮, ২০২৬ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেসম্যান লিমিটেড নামের একটি পোশাক তৈরি কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে উপজেলার ড্রেসম্যান লিমিটেড নামের একটি কারখানায় এ ঘটনার ঘটে।

শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকালে কাজে যোগ দেওয়ার পর কারখানার সরবরাহকৃত পানি পান করেন শ্রমিকরা। কিছুক্ষণ পরই তাদের মধ্যে অনেকের বমি, পেটব্যথা, মাথা ঘোরা, দুর্বলতা ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দেয়। একপর্যায়ে অসুস্থ শ্রমিকদের সংখ্যা দ্রুত বাড়তে থাকলে কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কারখানা কর্তৃপক্ষ অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকে পাঠায়।

কয়েকজন অসুস্থ শ্রমিক অভিযোগ করেন, কারখানার পানিতে দুর্গন্ধ ছিল। পানি পান করার কিছুক্ষণের মধ্যেই তারা অসুস্থ বোধ করেন। ধীরে ধীরে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

কারখানার  এজিএম (প্রশাসন) আতিকুল ইসলাম বলেন, শ্রমিকদের অসুস্থ হওয়ার খবর জানার সঙ্গে সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, গত সোমবার টানা বর্ষণের পর আশপাশের এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। শ্রমিকরা পানিতে ডুবে যাওয়া কলের পানি পান করে অসুস্থ হয়ে পড়ে। কারখানার পানিতে কোনো সমস্যা আমরা পাইনি।

তিনি জানান, তার হিসাব মতে এখন পর্যন্ত ৪০ থেকে ৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, পানি পান করে বেশকিছু শ্রমিক অসুস্থ হওয়ার খবরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অসুস্থ শ্রমিকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। যারা অসুস্থ হয়েছে তারা এখন পর্যন্ত শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসক।

ঊষার আলো-এসএ