খুলনার দাকোপ উপজেলায় ৮১পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। আজ রোববার তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে বাংলাদেশ কোস্টগার্ড নলিয়ান বিসিজি আউট পোষ্টের টহল দল উপজেলার সুতারখালী গ্রামের জুনাইদ নামের এক ব্যক্তির মাছের আড়তের সামনে ইট সোলিং রাস্তার ওপর মাদকদ্রব্য বেচাকেনার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দু’জন মাদক বিক্রেতাকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলো উপজেলার পানখালী গ্রামের মো. মশিউর রহমানের ছেলে মো. নাজমুল শেখ (৪০) ও মোতালেব জমাদ্দারের ছেলে মো. রোকন জমাদ্দার (৩৬)। পরে জিজ্ঞাসাবাদে নাজমুলের প্যান্টের পকেট থেকে ৪১ পিস ও রোকনের প্যান্টের পকেট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। এসময় ৮১ পিস ইয়াবাসহ একটি মোটরসাইকেল ও দুটি মুঠোফোন জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে দাকোপ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আসামীদের বিরুদ্ধে রোববার (১১ অক্টোবর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত করতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
