UsharAlo logo
, |

দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

জোহানেসবার্গ টেস্টে ইতিহাস গড়ল বাংলাদেশ। ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনে সফরকারীদের দলীয় সংগ্রহ স্পর্শ করল ৪০০ রান। আর এতেই নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে টাইগাররা দলীয় ৪০০ রানের দেখা পেল।

রেকর্ডটি গড়ার সঙ্গে সঙ্গেই যদিও নিজেদের শেষ ও দশম উইকেটটি হারাল বাংলাদেশ। এতে প্রথম ইনিংসে স্বাগতিকদের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়ে মধ্যহ্ন বিরতিতে গেল নাজমুল শান্তর দল।

উল্লেখ্য যে, এই স্টেডিয়ামে কোনো দল কখনো প্রথম ইনিংসে ৩২০ এর বেশি রান করে হারেনি। প্রথম ইনিংসে ৩২০ রানের বেশি করা দল মোট ১২ বার জয়ের দেখা পেয়েছে, এছাড়া ৭ বার ম্যাচ ড্র হয়েছে।

জোহানেসবার্গ টেস্টের শুরুতেই সোমবার কাগিসো রাবাদার গতির ঝড়ে বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিল বাংলাদেশ। তবে প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। শেষ পর্যন্ত বড় সংগ্রহ গড়ার পথে সবচেয়ে বড় অবদান রেখেছেন তাওহিদ হৃদয় ও লিটন দাস।

ষষ্ঠ উইকেটে ২০৬ রানের অসাধারণ জুটি গড়েন হৃদয় ও লিটন। গতকাল দিনের শেষ বলে ১৩৭ রান করে সাজঘরে ফেরেন হৃদয়। আর আজ ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নেন লিটন। অষ্টম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ১২০ রানের ইনিংস খেলেন তিনি। নিজের জন্মদিনে পাওয়া এই সেঞ্চুরিটি মেয়েকে উৎসর্গ করেছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক-ব্যাটার।

লিটন-হৃদয়ের জুটির আগে ইনিংস মেরামতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তানজিদ হাসান তামিম। ওপেনিংয়ে নেমে ৬৭ রান করেন বাঁহাতি এই ব্যাটার। হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেটে ৯৯ রানের জুটি গড়ে দলকে প্রাথমিক বিপর্যয় থেকে টেনে তোলেন তিনি। তা না হলে রাবাদার তোপে মাত্র ২২ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ।

দ্বিতীয় দিনের খেলা বাংলাদেশ শুরু করেছিল ৬ উইকেটে ৩২৭ রান নিয়ে। তবে বাকি চার উইকেট হারাতে দলটির খরচ হয়েছে আরও ৭৩ রান। এই চারটি উইকেটই তুলে নিয়েছেন ড্যান প্যাটারসেন। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকার করেছেন কাগিসো রাবাদা।

ঊষার আলো-এসএ