UsharAlo logo
, |

‘খরা’ কাটিয়ে ১২০-এ থামলেন লিটন

ক্রীড়া ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

লিটন দাসের অষ্টম ও চলতি বছরে বাংলাদেশের সর্বোচ্চ তৃতীয় সেঞ্চুরিটি শেষ হলো শেষমেশ ১২০ রানে। তার বিদায়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশের স্বীকৃত ব্যাটারদের পালা শেষ হলো। বাকি রইলেন কেবল টেল এন্ডাররা।

তিনি যখন উইকেটে এসেছেন, টানা দুই বলে দুই উইকেট খুইয়ে বাংলাদেশ তখন কাঁপছে। ঠিক সেখান থেকে বাংলাদেশের ইনিংসকে সামলেছেন তাওহিদ হৃদয়ের সঙ্গে মিলে। দুজন মিলে ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ২০২ রান।

হৃদয়ের সঙ্গে জুটিতে তিনি নিজে গিয়েছেন আগ্রাসী ভূমিকায়। সে কারণেই দিনের শেষ সেশনে বাংলাদেশ রান পেয়েছে ১৪৩। সেখানে লিটন একাই তুলেছেন ৬২।

সঙ্গী হৃদয়ের বিদায়ের পর আজ দিনের শুরুতে কিছুটা নড়বড়ে ছিলেন। তবে সেটা সামলে নিয়ে মার্কো ইয়ানসেনকে ছক্কা হাঁকিয়ে চলে গেছেন তিন অঙ্কে।

এই চার ইনিংস আগেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। আফগানিস্তানের বিপক্ষে সে সেঞ্চুরি বাংলাদেশকে বড় পুঁজি এনে দিয়েছিল। তবে এরপর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রান পাননি। আউট হওয়া দুই ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেননি। ফলে রানখরার ফিসফাসটা আবারও মাথাচাড়া দিয়ে উঠছিল। ওয়ান্ডারার্সে আজ সে গুঞ্জনটাকে মাটিচাপা দিয়েছিলেন গতকালই। আজ সেটাকে রূপ দিলেন সেঞ্চুরিতে।

এরপরও থামেননি। ড্যাডি সেঞ্চুরিরও স্বপ্ন দেখাচ্ছিলেন। তবে সেটা থেমে গেল ড্যান প্যাটারসনের বলে উইয়ান মুলডারের হাতে তিনি দিলে।

তবে তার আগে তিনি সেঞ্চুরি করতেই নতুন এক ইতিহাস গড়ে ফেলে বাংলাদেশ। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে এক ইনিংসে ২ সেঞ্চুরি দেখল দল। চলে গেছে ৪০০ রানেরও খুব কাছে। সেটা হয়ে গেলে আরও এক মাইলফলক প্রথমবারের মতো ছোঁবে বাংলাদেশ।

ঊষার আলো-এসএ