UsharAlo logo
, |

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’ নড়াইলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় নিহত বিএনপি নেতার বোনের এমন আহাজারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক শাহীন ইসলাম ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেল রানা নিহত হয়েছেন। উপজেলার বেন্দারচর এলাকার বটতলা মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্বজন ও নেতাকর্মীদের আহাজারি করতে দেখা যায়। এ সময় নিহত সোহেল রানার বোনকে কান্নারত অবস্থায় বলতে শোনা যায়, ‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে।’

এছাড়া দেশের বিভিন্ন স্থানে আগুন-সন্ত্রাস, ভাঙচুর, পেট্রোলবোমা নিক্ষেপসহ নাশকতা চালিয়ে জনমনে ভয়-ভীতি সঞ্চারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বুধবার রাতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে বাস-ট্রাক-ভবনে ভাঙচুর-অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধ করে আওয়ামী নেতাকর্মীরা। এমনকি ভাঙচুর করে অগ্নিসংযোগ করে হাসপাতালেও। আগের রাতে আগুন দেয় ট্রেনে।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন এক হেলপার। নারায়ণগঞ্জে বাস, লেগুনা ও ট্রেনে আগুন দেওয়া হয়েছে। পিরোজপুরের নাজিরপুরে পুড়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। আগুন দেওয়ার চেষ্টা হয়েছে ইউনিয়ন পরিষদে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের কার্যালয়, বিএনপির কার্যালয় ও রেলস্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কোথাও পেট্রোলবোমা নিক্ষেপ, কোথাও ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি স্থানে বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের ককটেল হামলায় উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা প্রাণ হারান। চট্টগ্রামের পাঁচলাইশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

কালিয়ায় বিএনপির মিছিলে হামলায় নিহত ২

নড়াইলের পুলিশ সুপার শিকদার আল-মামুন জানান, নিহত শেখ শাহীন কালিয়া পৌরসভার মির্জাপুর গ্রামের নিছার উদ্দিনের ছেলে এবং সোহেল বড় কালিয়া গ্রামের মোতালেব মোল্যার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যার পর কালিয়া পৌরসভার বিভিন্ন সড়কে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অর্ধশত মোটরসাইকেল ও গাড়ি নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শোভাযাত্রা বের করেন। সেটি বেন্দারচর গ্রামের রাস্তা দিয়ে বটগাছের উত্তর পাশের সড়ক হয়ে বিপ্লব বিশ্বাসের বাড়ির পূর্ব পাশে খালের কাছে পৌঁছালে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি নেতাকর্মীরা জানান, আগে থেকেই সেখানে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের তিন থেকে চারশ নেতাকর্মী। এ সময় বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। হামলায় বিএনপির কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে শেখ শাহিন, সোহেল মোল্লা ও কালিয়া পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মফিজুর রহমানকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবনতি ঘটলে খুলনা নেওয়ার পথে শাহীন ও সোহেল মারা যান।

বাসে আগুনে হেলপারের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বুধবার ভোর ৪টার দিকে এ ঘটনায় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা যান মো. সিয়াম হাওলাদার। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বাসস্ট্যান্ডে বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাস দাঁড়িয়ে ছিল। দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন ধরিয়ে দেয়। টহল পুলিশ আগুন দেখে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা ব্যক্তিদের সরিয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনে সিয়ামের লাশ উদ্ধার করেন। ভাণ্ডারিয়া থানার ওসি মো. জগলুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিয়াম দীর্ঘদিন পিরোজপুর-মঠবাড়িয়া রুটে বাসের হেলপার হিসাবে কাজ করতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন বড়। ছোট ভাই সিফাত হাফেজি মাদ্রাসার শিক্ষার্থী। ছয় বছর আগে ক্যানসারে মারা যান সিয়ামের মা। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছে পরিবারটি। সিয়ামের সৎ-মা শিল্পী বেগম বলেন, ‘আমাদের সংসারের একমাত্র উপার্জনকারী ছিল সিয়াম। ওকে হারিয়ে আমরা এখন পুরোপুরি অসহায় হয়ে পড়লাম।’

ড. ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন

বুধবার রাতে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ওই বাড়িতে কেয়ারটেকার ছাড়া কেউ থাকেন না। রাতের আঁধারে ঘটনাটির কোনো প্রত্যক্ষদর্শীর বক্তব্য পাওয়া যায়নি। তবে বাউন্ডারি ঘেরা ওই বাড়ির ভেতরে আগুন জ্বলতে দেখা যায়। আগুনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এছাড়া বুধবার রাতে নগরীর নিউমার্কেটে একের পর এক ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দোকান পুড়ল, ইউপি ভবনে আগুন

পিরোজপুরের নাজিরপুরে গভীর রাতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কবিরাজবাড়ী বাজারের চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। একই রাতে শাখারিকাঠি ইউনিয়ন পরিষদ ভবনেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এছাড়া মাটিভাঙ্গা ইউনিয়নের অতুলনগরে পিরোজপুর-গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কেও কাঠ জড়ো করে আগুন দেওয়া হয়। মাদারীপুরের শিবচর ও জাজিরা উপজেলার সীমান্ত এলাকায় বুধবার রাতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে গাছ কেটে ফেলে যান চলাচল বন্ধ করে দেয় দুর্বৃত্তরা।

বাস, লেগুনা ও ট্রেনে আগুন

রাজধানীর পল্লবীতে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে পল্লবী থানার সাগুফতা ফুড কোর্টের সামনে এ ঘটনা ঘটে। পরে বাসের কর্মচারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এছাড়া শাহজাহানপুর ও শ্যামপুরে ককটেল বিস্ফোরণ ঘটেছে। শাহজাহানপুরের বিস্ফোরণে নাসিমা বেগম (৪০) নামে এক নারী গুরুতর আহত হন।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় এক রাতেই তিনটি বাস, দুটি লেগুনা ও একটি ট্রেনে অগ্নিসংযোগ করা হয়েছে। গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম চান্দরা এলাকায় একটি মিনি কাভার্ড ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। রংপুর নগরীর পর্যটনপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসেও মঙ্গলবার গভীর রাতে আগুন দেওয়া হয়। বাসে তখন কোনো যাত্রী বা চালক ছিলেন না। বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় একটি ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। একই রাতে উপজেলার খাঞ্জাপুরের ফকিরবাড়ি এলাকায় মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে আগুন দেওয়া হয়।

বিএনপির কার্যালয় ও বাড়িতে অগ্নিসংযোগ

নেত্রকোনার বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। এতে কার্যালয়ের পাশাপাশি পাশের একটি লাকড়ির দোকান পুড়ে যায়। একই উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মেও আগুন ধরানো হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি নেতা ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর বাড়ির প্রধান দরজায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে।

গ্রামীণ ব্যাংকের একাধিক কার্যালয়ে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিস ও ঢেমশা শাখার ভবনের প্রধান ফটকে আগুন দেওয়া হয়েছে। এতে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়।

টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। নৈশপ্রহরী ও কর্মকর্তারা পানি ও বালি দিয়ে আগুন নেভান। ফরিদপুরের সালথায় গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হলে ব্যবস্থাপক ও কর্মীরা দ্রুত তা নিভিয়ে ফেলেন।

হবিগঞ্জের নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের কালিয়ারভাঙ্গা শাখার সাইনবোর্ড ও ব্যানারে আগুন দেওয়া হয়। রাজশাহীর বনলতা আবাসিক এলাকায় গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় কার্যালয় লক্ষ্য করে তিনটি পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা দুই যুবককে বোমা নিক্ষেপ করতে দেখা যায়।

বরিশাল নগরীর সিএন্ডবি সড়কে গ্রামীণ ব্যাংকের জোনাল অফিসেও পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়। একই সময়ে বিএম কলেজের মসজিদ গেটের সামনের সড়কে আগুন ধরিয়ে দেয় সাত থেকে আটজনের একটি দল।

ককটেল বিস্ফোরণ, ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

বগুড়া সদর উপজেলা পরিষদের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মাটিডালী এলাকায় এ ঘটনা ঘটে। ককটেল ছুড়ে স্লোগান দিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় তারা।

নাটোরের গুরুদাসপুরে চাপিলা ইউনিয়ন বিএনপি কার্যালয় লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল টেপে মোড়ানো ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গাংনী থানার ওসি মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, বস্তুগুলো প্রকৃত বোমা কি না, তা পরীক্ষা করে নিশ্চিত হওয়া যাবে।

খুলনায় রাতে জজকোর্টের বারান্দায় ও সার্কিট হাউসের মাঠে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পর পর দুটি বিস্ফোরণ ঘটে।

ঊষার আলো-এসএ