দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে অভিযোগ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালে যেভাবে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করেছিল, আবারও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, একটি সন্ত্রাসী মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাঁর অভিযোগ, এ মহল জনগণের ভোটাধিকার ও কথা বলার অধিকার কেড়ে নিয়ে দীর্ঘ ১৬ বছর দেশ শাসন করেছে। ২০১৪, ২০১৮ ও ‘আমি-ডামি’ নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, দেশের মানুষ আর এ ধরনের নির্বাচন দেখতে চায় না।
তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারাজ, গ্যাস সংযোগ ও ইপিজেড প্রতিষ্ঠার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দীর্ঘ সময় ক্ষমতায় থেকেও বিগত সরকার এসব উন্নয়নমূলক কাজ করেনি। এ সময় তিনি বিগত সরকারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগও করেন।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে বলে তিনি মন্তব্য করেন। জনগণের নিরাপত্তা, স্বস্তি ও দেশের অগ্রগতি নিশ্চিত করতে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস ও সহিংসতার প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ নিরাপত্তা ও স্বস্তি চায়। সন্ত্রাস ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, খাল খনন, কলকারখানা প্রতিষ্ঠা, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, শিক্ষার প্রসার এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে সরকার কাজ করতে চায়। তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়নের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের রাজনীতির মূল লক্ষ্য।
লালমনিরহাটবাসীর উদ্দেশে তারেক রহমান বলেন, এ অঞ্চলের মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। ভবিষ্যতেও তারা গণতন্ত্রের পক্ষে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারে ঢাকা থেকে লালমনিরহাটের এয়ারফিল্ডে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশ নেন তিনি।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ঊআ-মোচৌ
