UsharAlo logo
, |

খুলনার তিন হাসপাতালে ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনায় আর ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা ডেডিকেট হাসপাতালে ৬জন, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ৬জন ও খুলনা জেনারেল (সদর) হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে।
আজ ২৩ জুন বুধবার সকালে এসব হাসপাতালের মুখপাত্ররা এসব তথ্য নিশ্চিত করেছে।
খুলনা করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা হাসপাতালে রেডজোনে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ জন। আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রয়েছে ২০ জন। এছাড়া বুধবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১১৭ জন চিকিৎসাধীন রয়েছে।
করোনা হাসপাতালে মৃতরা হলেন, খুলনার দিঘলিয়ার মো. সোহরাব শেখ (৬৮), যশোরের বাঘারপাড়ার ভানু বেগম (৬০), নগরীর সোনাডাঙ্গার সামসুর আলম (৫৮), বাগেরহাটের রামপালের আফজাল শেখ (৬১), নড়াইলের গোয়ারা এলাকার নির্মলকান্তি সাহা (৭৯) ও লবনচরা এলাকার আনোয়ার (৫৮)।
এদিকে খুলনা জেনারেল হাসপাতালে হোসনে আরা বেগম (৬০) নামে ১ করোনা রোগীর মৃত্যু হয়েছে। হোসনে আরা সোনাডাঙ্গা এলাকার বাসিন্দা। এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২২ জন রোগী ভর্তি হয়েছে। আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩ জন।
অন্যদিকে, গাজী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ৮১ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। এদের মধ্যে ৬ জন আইসিইউতে ভর্তি রয়েছে।
গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মৃতরা হলেন, খুলনার মৌলভীপাড়ার মো. মাসুদুল হক (৮৫), নগরীর সোনাডাঙ্গার মনিরুল ইসলাম (৬২), খালিশপুরের জালাল আহমেদ খান (৬৫), যশোরের মনিরামপুরের জাকির হোসাইন (২৯), বাগেরহাটের হাকিমপুরের জ্যোস্না রানী দাশ (৫৬) ও খুলনার খানজাহান আলী থানা এলাকার মিয়া মাহবুবুর রহমান (৯৫)।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেছেন, খুমেকের পিসিআর মেশিনে ২২ জুন মঙ্গলবার ৫৬৪ জনের নমুনা পরীক্ষায় ২২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৪০ শতাংশ। শনাক্তদের মধ্যে খুলনার ৪৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া বাগেরহাটের ২৭ জন, যশোরের ৭ জন, পিরোজপুরের ৩ জন, সাতক্ষীরা, গোপালগঞ্জে ও চুয়াডাঙ্গা জেলার ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

(ঊষার আলো- এম.এইচ)