ঊষার আলো রিপোর্ট : গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে শুধু খুলনা জেলার ১৩ জন। এই সময়ে বিভাগে নতুন করে শনাক্ত হয়েছে ৯০৩ জন।
আজ ২৩ জুন বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ৮ জন, ঝিনাইদহে ৭ জন, চুয়াডাঙ্গায় ৫ জন, কুষ্টিয়ায় ৪ জন, যশোরে ১ জন, বাগেরহাটে ৩ জন, সাতক্ষীরায় ১ জন, নড়াইলে ১ জন এবং মেহেরপুরে ২ জন মারা গেছে।
এদিকে সম্প্রতি খুলনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ২’দফায় বিধিনিষেধ আরোপ করা হলেও তা কাজে আসেনি। সর্বশেষ ২২ জুন মঙ্গলবার থেকে শুরু হয়েছে ১ সপ্তাহের কঠোর লকডাউন। প্রথম দিনে কঠোর অবস্থানে ছিল খুলনার প্রশাসন। এ দিন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২৮ জনকে কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে ৭৯টি মামলায় ৮২ জনকে ১ লাখ ৪০ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। খুলনার সঙ্গে সারাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন ও বাস। চলছে না ইজিবাইক ও থ্রি হুইলার।
করোনাভাইরাসের সংক্রমণ ভয়াবহ রূপ নেওয়ায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ।
(ঊষার আলো- এম.এইচ)
