UsharAlo logo
, |

বরগুনায় মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে ছেলে খুন

ঊষার আলো
জুন ২৩, ২০২১ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ধারালো অস্ত্রের কোপ থেকে মাকে বাঁচাতে গিয়ে বাবার হাতে খুন হয়েছে সুমন (১৩) নামের এক কিশোর। বুধবার (২৩ জুন) বেলা ১১টার দিকে বরগুনার তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি রোডের কালিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুমন তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির একজন ছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, তালতলী উপজেলা শহরের টিঅ্যান্ডটি সড়কের আসাদুল খাঁনের সাথে তার স্ত্রী সেলিনা বেগমের পারিবারিক বিষয় নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। আজ সকাল ১১টার দিকে ওই দম্পতি কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। সে সময় ছেলে সুমন বাড়িতে ছিল না। প্রাইভেট পড়তে গিয়েছিল। পরে সুমন বাড়িতে এসেই দেখে তার বাবা আসাদুল খাঁন মা সেলিনাকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে যাচ্ছেন। এ সময় ছেলে বাবাকে ফেরাতে গিয়ে মায়ের সামনে গিয়ে দাঁড়ায়। ঠিক ওই মুহূর্তে ধারালো অস্ত্রের কোপ স্ত্রী সেলিনার শরীরের না লেগে লাগে ছেলে সুমনের কপালে। মুহূর্তের মধ্যেই ছেলে সুমন মাটিয়ে লুটিয়ে পড়ে যায়। ছেলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক বাবা নিজেই সুমনকে আমতলী হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম ছেলে সুমনকে মৃত বলে ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিক আসাদুল পালিয়ে যায়।
অন্যদিকে বাবা হাতে ছেলের নিহত হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ও নিহত সুমনের সহপাঠীরা ঘাতক বাবার দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কেএম তানজিরুল ইসলাম জানান, সুমনকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, খবর পেয়েই ঘটনাস্থল গিয়ে পরিদর্শন করেছি। ঘাতক বাবাকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশ সুমনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতালে পাঠিয়েছে।
(ঊষার আলো-এমএনএস)